স্মার্ট টুলস আনছে জি-মেইল

নতুন নতুন সেবা আনছে জি-মেইল১৫ বছর পার করে ব্যবহারকারীদের জন্য নানা ধরনের নতুন সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে জি-মেইল। গুগলের এই মেইল সেবাটির যাত্রা শুরু হয় ২০০৪ সালে। ১ এপ্রিল ছিল জি-মেইলের জন্মদিন। 

জন্মদিনেই বেশ কিছু স্মার্ট টুলসের ঘোষণা দিয়েছে জি-মেইল। গুগলের জি সুইটসের আওতায় থাকা ই-মেইল সেবা হিসেবে জি-মেইল ব্যবহারকারীরা এখন পছন্দসই সময়ে ই-মেইল পাঠাতে পারবেন। অর্থাৎ তাৎক্ষণিক ই-মেইল লিখে সেটি চাইলে পরেও সিডিউল করে পাঠিয়ে দেওয়া যাবে। এতে করে প্রয়োজন অনুযায়ী ই-মেইল লিখে সেটি নির্দিষ্ট সময় সেট করে দেওয়া যাবে এবং সেই সময়ে প্রাপক মেইলটি পাবেন।

খুব শিগগিরই এ সুবিধা জি-মেইলে যুক্ত হবে। ব্যবহারকারীরা সেন্ড বাটনের পাশে একটি সিডিউল অপশন পাবেন যেখানে ক্লিক করলে তিনটি আলাদা সিডিউল দেওয়ার তারিখ ও সময় পাবেন। সেখান থেকে পছন্দসই তারিখ ও সময় নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। 

এছাড়া ব্যবহারকারীদের লেখার ওপর নির্ভর করে ই-মেইলের বিষয় কি হতে পারে সেটিরও পরামর্শ দেবে জি-মেইল। এটি মূলত ব্যবহারকারীদের প্রতিনিয়ত ব্যবহারের ওপর নির্ভর করেই করবে জিমেইল। 

ইতিমধ্যে স্মার্ট কম্পোজের সুবিধাটি যুক্ত হয়েছে জি-মেইলে যেখানে ব্যবহারকারী পরে কী লিখবেন তার সাজেশান দেখানো হচ্ছে। জি-মেইলের তথ্য মতে, এ সুবিধা চালুর পরে প্রতি সপ্তাহে প্রায় এক বিলিয়ন শব্দ টাইপ করা থেকে বেঁচে যাচ্ছেন।

জি সুইটের প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক জ্যাকব ব্যাংক বলেন, আমরা বুঝতে পারি আমাদের ব্যবহারকারীরা সারাবিশ্বে ছড়িয়ে আছেন এবং সময়ের একটা ব্যবধানও রয়েছে। আমরা তাই চাই সবার ডিজিটাল ব্যবহারও সহজ হোক যাতে কেউ সমস্যায় না পড়েন।  

জি-মেইলের এ সুবিধাগুলো গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল-৩ দিয়েই শুরু হবে বলে জানা গেছে।