দেশে তৈরি ‘ওকে’ মোবাইল বাংলাদেশের বাজার মাতিয়ে পা দিতে যাচ্ছে বিশ্ববাজারে। রফতানি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, প্রস্তুতিও চূড়ান্ত। সেপ্টেম্বরের মধ্যে জাপানে রফতানি শুরু হবে এই মোবাইলফোন সেট। প্রথমদিকে যাবে মোবাইলের যন্ত্রাংশ। এরমধ্যে রয়েছে ব্লু-টুথ ওয়্যারলেস হেডসেট, ব্ল-টুথ হেডফোন, কার চার্জার, ইউএসবি ক্যাবল, ব্যাটারিসহ অনেক কিছু। পরবর্তী সময়ে আফ্রিকা, ব্রাজিল, মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে এই মোবাইলসেটগুলো রফতানির পরিকল্পনা রয়েছে।
এদিকে রমজান মাসে নতুন ১০টি নতুন মডেলের ‘ওকে’ মোবাইলসেট বাজারে আসছে। ঈদকে সামনে রেখে ১৫ জুন বাজারে ছাড়া হবে ২ হাজার ২৫০ টাকা (ডিলার মূল্য) দামের একটি সেট। ছাড়া হবে কমদামের মধ্যে স্মার্টফোনও।
গত বছরের জুলাই মাসে মোবাইলপ্রেমীদের হাতে কমদামে ভালো ফোন বিশেষ করে স্মার্টফোন তুলে দেওয়ার প্রত্যয় নিয়ে বাজারে আসে প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি মোবাইলফোন সেট 'ওকে মোবাইল।' উদ্বোধনের দিন একসঙ্গে ৫টি মডেলের মোবাইল সেট বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৩টি ছিল স্মার্টফোন ও ২টি ছিল ফিচার ফোন।