২০২১ সালের মধ্যে সবাইকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ইন্টারনেট এখন মানুষের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা। এর প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে দেশের তরুণ সমাজ।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-’১৬ -এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য নাহিম রাজ্জাক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসবের রূপরেখা তুলে ধরেন আয়োজক সংস্থা ক্যাম্পাস টু ক্যারিয়ারের নির্বাহী সম্পাদক অঞ্জলি সরকার ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা।

দেশের ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬টি অঞ্চলে অনুষ্ঠিত হবে এ বিতর্ক উৎসব। ৪ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার মাধ্যমে শুরু হবে এই উৎসব।

তথ্য-যুক্তি-প্রযুক্তি স্লোগানে এ বিতর্ক উৎসব আয়োজন করছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ক্যাম্পাস টু ক্যারিয়ার।


/এইচএএইচ/