দুই কোটি গাছের জন্য ইউটিউবারদের ২ কোটি ডলার অনুদান

Team Treesজনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে যারা নিয়মিত ভিডিও আপলোড করেন তাদের উদ্যোগে দুই কোটি গাছের চারা রোপণ করা হচ্ছে। ইউটিউবাররা এই উদ্যোগের অংশ হিসেবে অনুদান দিয়েছেন ২ কোটি ডলার।

কয়েক মাস আগে শীর্ষ ইউটিউবার জিমি ডোনাল্ডসন ও মার্কিন মহাকাশ সংস্থা নাসার সাবেক প্রকৌশলী মার্ক রবার ‘টিম ট্রিস’ নামে একটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। এর লক্ষ্য ছিল ২ কোটি ডলার অনুদান তোলা এবং সেই অর্থ আরবার ডে ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়া, যারা দুই কোটি গাছের চারা রোপণ করবে। উদ্যোগটি শুরু হওয়ার একসপ্তাহের মধ্যেই বিভিন্ন ইউটিউবার মিলে কাঙ্ক্ষিত অর্থের পুরোটাই অনুদান দিয়েছেন।

নতুন উদ্যোগের অংশ হিসেবে ‘টিম ট্রিস’ একটি ভিডিও তৈরি করে, যা প্রায় ৫ লাখ ব্যবহারকারী দেখেছেন। এরপর ৫ ডলার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের অনুদান দিয়েছেন অনেকে।
স্পেস এক্স ও টেসলার প্রধান নির্বাহী ও পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্ক অনুদান হিসেবে ১০ লাখ ডলার দিয়েছেন। উদ্যোগটিকে সমর্থন দিতে টুইটারে নিজের অ্যাকাউন্টের নাম @Treelon রেখেছিলেন তিনি।

২০২২ সালের মধ্যে দুই কোটি গাছের চারা রোপণ করবে আরবার ডে ফাউন্ডেশন। আগামী মাস থেকেই এই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

টিম ট্রিস-এর ক্যাম্পেইন পরিচালক ম্যাট ফিজারেল্ড বলেন, ‘আমরা বলছি না দুই কোটি গাছ লাগিয়েই আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারবো। তবে আমরা জানি কী করলে সমাধান হবে এবং আমরা সেই শুরুটাই করতে চাই।’

উদ্যোগটির বিস্তারিত জানতে ভিজিট করুন https://teamtrees.org।

তথ্যসূত্র: টিম ট্রিস ডট অর্গ ও এনগ্যাজেট