উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তি ও সেবা পণ্যের রফতানি আয় বছরের ৩০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এটাকে আরও এগিয়ে নেবে বিপিও ইন্ডাস্ট্রি।
বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের আয়োজিত দুদিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিটের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিপিওতে বর্তমানে ২৫ হাজার কর্মসংস্থান রয়েছে। আমাদের লক্ষ্য আগামী ৫ বছরে তা ২ লাখ ছাড়িয়ে যাবে। সে লক্ষ্য নিয়েই কাজ চলছে।’
তিনি আরও জানান, এ খাত থেকে দেশ বর্তমানে আয় করছে বছরে ১০ কোটি ডলার। দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে একদিন ১০০ কোটি ডলার আয় করা কোনও ব্যাপার হবে না।
৬ বছর আগের বাংলাদেশের সঙ্গে বর্তমানের তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘তখন এক মেগা ব্যান্ডউইথ কিনতে হতো ৭৫ হাজার টাকায়। দিনের ৭-৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না, তথ্যপ্রযুক্তি রফতানি ছিল মাত্র ২ কোটি ৬০ লাখ ডলার। আর বর্তমানে ব্যান্ডউইথের দাম ৬২৫ টাকা। তথ্যপ্রযুক্তি রফতানি আয় ৩০ কোটি ডলার ছাড়িয়েছে। আর লোড শেডিং কি তা তো মানুষ ভুলতে বসেছে। তথ্যপ্রযুক্তিতে উন্নয়ন করতে হলে নিরবছিন্ন বিদ্যুৎ এবং কমমূল্যের ব্যান্ডউইথ প্রয়োজন হয়।আমরা এ দুটো নিশ্চিত করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘ফোরজি আসছে, আগামী বছরই এর নিলাম হবে। এখন বছরে ৩০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে বছরে ৫০ হাজার শিক্ষার্থীকে আইটি প্রশিক্ষণ দেওয়া হবে।’
মধ্যম আয়ের দেশ নয়, বাংলাদেশকে তিনি উন্নত আয়ের দেশের কাতারে দেখতে চান। এটাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বলে তিনি উল্লেখ করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার সরকারের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উইটসার চেয়ারম্যান সান্তিয়াগো গুত্রিজ। সভাপত্বি করবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্মেলনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা ৪০ জনেরও বেশি বক্তা বিভিন্ন সেশনে স্পিকার থাকবেন। সম্মেলনে বিভিন্ন সেশনগুলোর মধ্যে রয়েছে, স্টার্ট আপ, বাংলাদেশ ইয়ুথ টু ড্রাইভ বিপিও ইন্ডাস্ট্রি, অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ব্যাংকিং আউটসোর্সিং, কানেক্টিং দ্য আনট্যাপড স্কিল: পলিটেকটিক, ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল, ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড অপারেশনাল রেডিনেস, ফিউচার চ্যালেঞ্জেস অব বিপিও ট্রান্সফরমেশন, ইনোভেশন ইকোসিস্টেম-অ্যাক্সিলারেশন অ্যান্ড ইনকিউবিটরস, রোল অব হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ফর বিপিও ইন্ডাস্ট্রি, এন্টারপ্রেইনারশিপ অ্যান্ড ইনভেস্টমেন্ট, দ্য অপরচুনিটিজ অব আউটসোর্সিং ক্লায়েন্ট সার্ভিসেস ফ্রম আইটি পার্সপেক্টিভ, গ্লোবাল বিপিও ইন্ডাস্ট্রি বেস্ট প্রাক্টিসেস, দ্য অপরচুনিটিজ ইন দ্য ডোমেস্টিক মার্কেট ফর দ্য বিপিও। এসব সেশন ছাড়াও সম্মেলনে বিপিও সেক্টরের বহুমাত্রিক সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা থাকছে। সম্মেলনে চাকরি প্রার্থীদের জন্য থাকছে স্পট ইন্টারভিউয়ের ব্যবস্থা। এর মধ্যে ২০০ শিক্ষার্থীকে বিভিন্ন কল সেন্টারে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে।
/এইচএএইচ/এসটি/