ফেসবুকের নিজস্ব আইডি হ্যাকিংয়ের শিকার

হ্যকারদের বার্তাফেসবুকের নিজস্ব অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। ৭ ফেব্রুয়ারি  ‘আওয়ারমাইন’ নামের একটি গ্রুপ ফেসবুকের ভেরিফাইড পেজ হ্যাক করে সেখানে এ তথ্য জানিয়েছে। গ্রুপের পক্ষ থেকে লেখা হয়েছে ‘ফেসবুকও হ্যাক করা সম্ভব’। হ্যাকিংয়ের শিকার হওয়ার পর অবশ্য ফেসবুক সেটি পুনরুদ্ধারও করেছে।

আওয়ারমাইন দাবি করেছে, ফেসবুকের নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করতেই এমন উদ্যোগ নিয়েছে তারা। জানুয়ারি মাসে এ হ্যাকার গ্রুপটি এক ডজনের মতো অ্যাকাউন্ট হ্যাক করেছে যার মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগের ওয়েবসাইটও ছিল।

এবার ফেসবুকের নিজস্ব পেজ ছাড়াও ফেসবুকের টুইটার অ্যাকাউন্ট, মেসেঞ্জার অ্যাকাউন্ট ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করেছে আওয়ারমাইন। টুইটারে এ গ্রুপের পক্ষ থেকে লেখা হয়েছে ‘আমরা আওয়ারমাইন। ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব তবে ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা টুইটারের চেয়ে ভালো।’

অ্যাকাউন্টগুলো হ্যাক করার পর নিজেদের লোগো যুক্ত করে দিয়েছিল আওয়ারমাইন গ্রুপ। তবে সোশ্যাল অ্যাকাউন্টগুলো হ্যাকড করতে পারলেও ফেসবুকের নিজস্ব ওয়েবসাইটে কিছু করতে পারেনি হ্যাকিং গ্রুপটি। টুইটারে ফেসবুকের অ্যাকাউন্টটি তৃতীয় পক্ষর একটি ব্যবস্থাপনার মাধ্যমে হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এক বার্তায় টুইটার জানিয়েছে, বিষয়টি জানার পরেই আমরা উক্ত অ্যাকাউন্টটি লক করে দিয়েছি এবং আমাদের সহযোগী ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেটি রিস্টোর করার ব্যবস্থা করেছি।

দুবাইভিত্তিক হ্যাকার গ্রুপ আওয়ারমাইন বিভিন্ন সময়ে বড় বড় প্রতিষ্ঠান, বিখ্যাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করে থাকে। এর আগেও এ গ্রুপের সদস্যরা টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, নেটফ্লিক্স এবং ইএসপিএনের করপোরেট অ্যাকাউন্ট হ্যাক করে। গ্রুপটির দাবি, মূলত নিরাপত্তা ত্রুটির বিষয়টি দেখাতেই তাদের এমন উদ্যোগ।

সূত্র: বিবিসি