‘চতুর্থ শিল্পবিপ্লব যুগের উন্নয়নে গবেষণাই হোক বিশ্ববিদ্যালয়ের মুখ্য বিষয়’

গোলটেবিল বৈঠকবিদ্যমান বৈশ্বিক ব্যবস্থায় দ্রুত বিকাশমান চতুর্থ শিল্পবিপ্লবের (৪.০) যুগে পরিবেশ ও প্রতিবেশগত বিপর্যয়রোধসহ স্থায়িত্বশীল অর্থনৈতিক অগ্রযাত্রার সক্ষমতা নির্ভর করে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন এবং সফলতার সঙ্গে দ্রুত এর বাস্তবায়ন সক্ষমতার ওপর। আমাদেরও সামগ্রিক অগ্রযাত্রা এমনকি টিকে থাকাও বহুলাংশে নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের মৌলিক ও প্রায়োগিক গবেষণা এবং গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর। দেশের বিশ্ববিদ্যালয়গুলো যুগের এই চাহিদা পূরণে সক্ষমতা বৃদ্ধি খুবই ধীর গতিতে চলছে। চতুর্থ শিল্পবিপ্লবের সুফল পেতে হলে প্রয়োজন মৌলিক ও প্রায়োগিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), জনউদ্যোগ ও আইইডি’র যৌথ উদ্যোগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গবেষণাই হোক বিশ্ববিদ্যালয়ের মুখ্য বিষয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের রিসার্চ ডিরেক্টর কাজী সামিও শীশ। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলী নকী, জনউদ্যোগ জাতীয় কমিটির আহ্বায়ক ডা. মুশতাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগ অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন, বাসদের কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা রাজেকুজ্জামান রতন, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্যসচিব তারিক হোসেন মিঠুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ সাদেক, তাহমিদুল ইসলাম প্রমুখ।

মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের রিসার্চ ডিরেক্টর কাজী সামিও শীশ বলেন, গবেষণার জন্য প্রয়োজন গবেষকের মতো চিন্তা করার দক্ষতা, গবেষকের মতো পাঠ করার দক্ষতা ও গবেষকের মতো লিখতে পারার দক্ষতা। এই ত্রয়ী দক্ষতা ব্যক্তির নিজস্ব চেষ্টা ও সুষ্ঠু শিক্ষাব্যবস্থার মাধ্যমে অর্জনযোগ্য। আর সম্মিলিতভাবে এই দক্ষতা অর্জন ও বৃদ্ধির জন্যে সবচেয়ে উপযোগী স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সব শিক্ষার্থীর মাঝে সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রকৃত শিক্ষার্থী ও গবেষক তৈরি করতে হবে। তিনি প্রকৃত মানবিকগুণ সম্পন্ন সৎ মানুষ ও গবেষক তৈরির জন্য সামগ্রিক ইকোসিস্টেমের ওপর গুরুত্বারোপ করেন।

-বিজ্ঞপ্তি