ভারতীয় প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, আপনারা হয়তো অনেকেই প্লে-স্টোরে করোনা ভাইরাস সম্পর্কিত অ্যান্ড্রয়েড অ্যাপ খুঁজতে পারেন। কিন্তু এই অ্যাপ না পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ, গুগল কর্তৃপক্ষ করোনা ভাইরাস সম্পর্কিত অ্যাপের সার্চ বন্ধ করে দিয়েছে।
এমনিতেই করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন ধরনের গুজব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। করোনা মোকাবেলার ক্ষেত্রে গুজবকে অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এ অবস্থায় করোনা নিয়ে যেন আর কোনও গুজব না ছড়ায়, সেজন্য এই ভাইরাস সম্পর্কিত সব ধরনের অ্যাপ ব্লক করে দিয়েছে গুগল কর্তৃপক্ষ। এজন্য প্লে-স্টোরে করোনা ভাইরাস লিখলে কোনও কিছুই পাওয়া যায় না।
অবশ্য এখন পর্যন্ত গুগল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি।
প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে ৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে বেশিরভাগই চীনের। এছাড়া বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে অন্তত ৮০ হাজার চীনের নাগরিক।