সাইট হ্যাক করে টাকা দাবি

রকমারি সাইট হ্যাক১সাইবার আক্রমণের শিকার হয়েছে দেশের সর্বপ্রথম ও সবচেয়ে বড় বই বিক্রির অনলাইন স্টোর রকমারি ডটকম। শুধু তাই নয়, সাইটটি হ্যাক করার পর টাকাও দাবি করেছে আক্রমণকারীরা। বর্তমানে সাময়িকভাবে বন্ধ রয়েছে সাইটটি।
এই সংঘবদ্ধ আক্রমণ শুরু হয় কয়েকদিন আগে থেকে। রকমারি জানিয়েছে, এ ধরনের আক্রমণকে বলা হয় ‘DDOS অ্যাটাক’। এই আক্রমণে সাইটে একের পর এক ‘রিকোয়েস্ট’ পাঠানো। ফলে সাইটের তথ্য সংরক্ষিত থাকবে ঠিকই কিন্তু সাইট অনেক ধীর গতির হয়ে যাবে। ব্যবহারকারীরা আর প্রবেশ করতে পারবেন না। বিষয়টি হচ্ছে- একটা কাস্টমার কেয়ারে ১৫ জন এজেন্ট আছে কিন্তু একসঙ্গে ১৬টা ফোন আসছে। ফলে ১৬তম জনের কল আর রিসিভ হচ্ছে না।
এই আক্রমণের মূল লক্ষ্যই হচ্ছে স্বয়ংক্রিয় ‘প্রোগ্রাম রান’ করে সাইটটি ধীর গতির করে ফেলা। যাতে ব্যবহারকারীরা সাইটে প্রবেশ করতে না পারে।
এই আক্রমণের সূচনা হয় এক সপ্তাহ আগে। আক্রমণের পরপরই সংঘবদ্ধ হ্যাকার গ্রুপ রকমারি কর্তৃপক্ষকে মেইল করে টাকা দাবি করে এবং এর জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই মেইলে আরও হুমকি দিয়ে বলা হয়, যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা পাঠানো না হয় তাহলে সাইটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। হ্যাকার গ্রুপটি হুমকি দিয়ে আরও জানায়, তাদের সঙ্গে শক্তিশালী আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ জড়িত। প্রয়োজনে তাদেরও সাহায্য নেওয়া হবে।
এরপর রকমারি কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। এছাড়া কারিগরিভাবে নিজেদের সক্ষমতা বাড়িয়ে এই আক্রমণ প্রতিহতের চেষ্টা করে। তবে মঙ্গলবার সকাল ১১টা থেকে অত্যন্ত শক্তিশালী আক্রমণের কারণে রকমারি কর্তৃপক্ষ তাদের সাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়।
রকমারি কর্তৃপক্ষ জানিয়েছে, এটা সনাতনী ধারার হ্যাক নয়, এক ধরনের সাইবার সন্ত্রাস। যার উদ্দেশ্য সাইট বন্ধ করে টাকা আদায় করা।
রকমারির কর্মকর্তা মেহেদী রানা আরও জানিয়েছেন, সাইটের কোনও তথ্য হ্যাকাররা নিতে পারেনি। গ্রাহকদের সব তথ্য নিরাপদেই সংরক্ষিত আছে। খুবই অল্প সময়ের মধ্যে সাইটটি আবার সচল হবে। এই আক্রমণ মোকাবেলায় কারিগরিভাবে সর্বশক্তি প্রয়োগ করা হচ্ছে।

 

রকমারি সাইট হ্যাক২

/এইআর /এএইচ/