শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধুকে স্মরণ করলো বেসিস

৯৯৯জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাসেসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— সংসদ সদস্য নাহিম রাজ্জাক, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক  মোজাম্মেল বাবু।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের বর্তমান ও পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ধারণা প্রদানের উদ্যোগ নিতে বেসিসকে আহ্বান জানান। একইসঙ্গে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের জন্যও সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানান তিনি।

15 August-02জুনাইদ আহমেদ পলক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু একজন সফল সরকার প্রধান ছিলেন। তাঁর স্বপ্নের সোনার বাংলার প্রধান লক্ষ্যই ছিল মানুষের পাঁচটি মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। আজকের এই মহামারি ও দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধুই আমার প্রেরণার উৎস।’

আলোচকরা বলেন, কেবল শোকদিবস বা আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করলেই হবে না, বরং তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে। তিনি অত্যন্ত প্রগতিশীল মানসিকতার মানুষ ছিলেন। দেশকে একটি অগ্রসর ও স্বনির্ভর করে গড়ে তোলার যে স্বপ্ন তিনি দেখতেন, তা সফল ও সার্থক হবে— যদি সত্যিকার অর্থে আমরা আমাদের দেশকে  এগিয়ে নিয়ে যেতে পারি।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি সংক্ষিপ্ত জীবনালেখ্য তুলে ধরেন।