‘ডাকঘরের প্রতিটি কর্মকাণ্ড ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে’

৮৭ডাকঘরের প্রতিটি কর্মকাণ্ড ২০২৩ সালের মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘কাউন্টার থেকে পোস্টম্যানের পার্শ্বেল কিংবা চিঠি বিতরণের প্রতিটি স্তর অটোমেশনের আওতায় আনতে না পারলে পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকা যাবে না। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান রূপান্তর থেকে পোস্ট অফিস পিছিয়ে থাকতে পারে না।’

রবিবার (১ নভেম্বর) রাজধানীতে ডিজিটাল প্ল্যাটফর্মে বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশন আয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব মো. আফজাল হোসেনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি জেহসান ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন উর রশিদসহ সংগঠনের নেতারা বক্তৃতা করেন।

মোস্তাফা জব্বার নতুন সচিবকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন।  তিনি নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন ও ফাইভ-জি চালু করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মপরিকল্পনা তুলে ধরেন। 

মন্ত্রী ডাক কর্মকর্তাদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকঘরের অবকাঠামো উন্নয়নে গত ১১ বছরে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।’ ডাকঘরের বিদ্যমান অবকাঠামোসহ বিশাল কর্মীবাহিনীকে ডিজিটাল সৈনিক হিসেবে কাজে লাগাতে তাদেরকে যথাযথ প্রশিক্ষণসহ সম্ভাব্য সবকিছু করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল দক্ষতার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না।  কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজিং জানা থাকলে ডিজিটাল কাজ করা সম্ভব। ’