শিশুদের কি প্রযুক্তি ব্যবহার করা উচিত? এই প্রশ্ন বর্তমানে বেশিরভাগ শিশুর মা-বাবার মনেই রয়েছে। তারা প্রকৃতপক্ষে জানতে চায় শিশু আসলে প্রযুক্তি ব্যবহার করবে কিনা কিংবা করলেও কতটুকু করবে।
শিশুর এই প্রযুক্তির ব্যবহার অধিকাংশ ক্ষেত্রে স্মার্টফোন কিংবা ট্যাবলেটের ক্ষেত্রে সীমাবদ্ধ। তাই সবাই জানতে চায় শিশুদের এগুলো ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত।
সম্প্রতি আইরিশদের একটি গবেষণা থেকে দেখা যায়, তাদের ৯১ শতাংশ শিশু বিভিন্ন উপায়ে স্মার্টফোন ব্যবহার করে। এই গবেষণায় ৮২ জন শিশুর বাবা-মায়ের মতামত নেওয়া হয়। তাদের শিশুরা প্রতিদিন কিছু সময় স্মার্টফোন কিংবা ট্যাবলেট ব্যবহার করেন বলে তারা মতামত দেন। এ ছাড়াও এ বিষয়ে তারা শিশুদেরকে উৎসাহিত করেন।
গবেষণায় দেখা যায় ৮২ শতাংশ শিশুর নিজস্ব স্মার্টফোন বা ট্যাবলেট রয়েছে। আর ৮৭ শতাংশ বাবা-মা প্রতিদিন অন্তত ১৫ মিনিট তাদেরকে এগুলো ব্যবহার করার সুযোগ দেন।
এ প্রসঙ্গে গবেষকরা বলেন, এগুলো ব্যবহার করলে ছোটবেলা থেকেই তারা এসবের ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতে পারে। ফলে ভবিষ্যতে তাদের এ বিষয়টি কাজে লাগবে। এ ছাড়াও এসবের ব্যবহার তাদের মেধার বিকাশকে বিভিন্নভাবে উন্নত করে।
তবে এ বিষটির সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে আমেরিকার একটি সংস্থা। তারা মনে করে, শিশুদের এগুলো ব্যবহার করা উচিত নয়। এগুলো তাদের মধ্যে বিভিন্ন অসঙ্গতি তৈরি করে এবং বিশেষত তাদের খেলার সময় নষ্ট করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এইচএএইচ/