মটোরোলা এক মাসে নিয়ে এলো তিন স্মার্ট ফোন

৫০০

বিশ্বের ১৩টি দেশের সঙ্গে একযোগে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা তাদের জি সিরিজের স্মার্ট ফোন ‘মটো জি৯ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।  ভারতীয় উপমহাদেশেও এই ঘটনা প্রথম বলে জানালেন বাংলাদেশে মটোরোলা মোবাইলের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফত।  তিনি বলেন, ‘বাংলাদেশের বাজারে মটোরোলার অত্যাধুনিক প্রযুক্তির ও বিশ্ববাজারে সফল পণ্যগুলো আনার পরিকল্পনা করেছি।  এমনকি ৫৭ শতাংশ আমদানি কর দিয়েও আমরা চেষ্টা করছি— ফোনের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখার, যাতে তারা ভালো স্মার্ট ফোন ব্যবহার করতে পারেন।’

বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, স্মার্ট ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফ্ল্যাগশিপ ক্যাম্পেইন ১২.১২ সেল উপলক্ষে ১২ ডিসেম্বর রাত থেকেই পাওয়া যাবে ২৫ হাজার ৯৯৯ টাকায়। যদিও ফোনটির বাজারমূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা।  অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশের বাজারে পরপর দুটি স্মার্ট ফোন অবমুক্ত করে একই মাসে তৃতীয় স্মার্ট ফোন নিয়ে এলো প্রতিষ্ঠানটি।  অন্য ফোন দুটি হলো মটো জি৯ প্লে ও মটো জি৮ পাওয়ার লাইট।

অনুষ্ঠানে মটোরোলা মোবিলিটির সার্কভুক্ত দেশের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত মানি  ভিডিও বার্তায় বলেন, ‘মটো জি৯ প্লাসের মাধ্য দিয়ে ‘জি’ পরিবারের সবচেয়ে সফল গ্লোবাল স্মার্ট ফোনটি আমরা উদ্বোধন করলাম এবং বাংলাদেশের বাজারে এই ফোনের সফলতার বিষয়ে আমরা নিশ্চিত। ’

সেলেক্সট্রা লিমিটেডের চেয়ারম্যান মাহামুদ হোসেন বলেন, ‘আমরা বাংলাদেশে মটোরোলার কারখানা চালু করা যায় কিনা, সেটাও বিবেচনা করতে চাই, যা শুধু ব্র্যান্ডটাকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতেই সহায়তা করবে না বরং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়তা করবে।’

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের হেড অব মার্কেটিং আবরার হাসনাইন বলেন, ‘‘আমরা ইতোমধ্যে ‘জি’ সিরিজের মটো জি৮ পাওয়ার লাইট ও মটো জি৯ প্লে উদ্বোধন করেছি এবং কাস্টমারদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।  গ্রাহকদের সাড়া ও রিভিউই ‘জি’ সিরিজের আরেকটি পণ্য উদ্বোধনের অনুপ্রেরণা জুগিয়েছে।’’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের পরিচালক ইউনুস আল মামুন, মাহফুজুর রহমান ও চৌধুরী ফাহরিয়ার (প্রধান পরিচলন কর্মকর্তা), ব্যবস্থাপক নাহিয়ান মাহমুদ এবং দারাজের কর্মকর্তা নাবিল নেওয়াজ, শাফিন ইনজাম ও সাদনান শিহাব প্রমুখ।

মটো জি৯ প্লাসে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম’র সঙ্গে আল্ট্রা-ফাস্ট স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর, ৩০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৬.৮ ইঞ্চি এইচডিআর১০ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

মটো জি৯ প্লে ফোনে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম, ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।  ফোনটির দাম ১৭ হাজার ৯৯৯ টাকা হলেও দারাজে ১২.১২ ক্যাম্পেইন চলাকালে ফোনটি পাওয়া যাবে ১৬ হাজার ৯৯৯ টাকায়।

মটো জি৮ পাওয়ার লাইটে রয়েছে ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মটোরোলার সিগনেচার নিয়ার-স্টক অ্যানড্রয়েড এক্সপেরিয়েন্স।  দারাজে ফোনটি ১৪ হাজার ৯৯৯ টাকায় পাওয়া গেলেও ১২.১২ ক্যাম্পেইন চলাকালে ফোনটি পাওয়া যাবে ১৩ হাজার ৪৯৯ টাকায়।