ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন



‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে চতুর্থ বারের মতো শনিবার (১২ ডিসেম্বর) সারাদেশে উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০।

দিবসটি উপলক্ষে শনিবার (১২ ডিসেম্বর) সকালে আইসিটি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ আইসিটি বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পরে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
ভার্চুয়াল মাধ্যম ও সরাসরি আয়োজিত উক্ত অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরা হয়। পরে দেশের আইসিটি খাতে বিশেষ অবদান রাখায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে “ডিজিটাল বাংলাদেশ দিবস পুরস্কার ২০২০” প্রদান করা হয়।
এছাড়া দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে ডিজিটাল বাংলাদেশ দিবসের কর্মসূচি উদযাপিত হয়।