প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘ওকে দোয়েল’-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল ফোন অপারেটর রবি এবং আইওটি (ইন্টারনেট অব থিংস)। এ চুক্তির ফলে ‘ওকে দোয়েল’কে ইন্ডাস্ট্রিয়াল সিম সরবরাহের মাধ্যমে ডেটা কানেকটিভিটি, মনিটরিং সক্ষমতা এবং ডিজিটাল বিনোদন নিশ্চিত করবে রবি।
বৃহস্পতিবার (১১ মার্চ) ওয়েস্টিন হোটেলে এই চুক্তি সম্পন্ন হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ‘ওকে দোয়েলে’র প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম।
কাজী জসিমুল ইসলাম বলেন, ওকে দোয়েল একটি ম্যাজিক বক্স নিয়ে আসতে যাচ্ছে। একটি বক্স বা ট্যাব আইওটি সংযুক্ত থাকবে যা কোনও যানবাহনে স্থাপন করলে গাড়ির ব্যাটারি ও অন্যান্য তথ্য সহজে পাওয়া যাবে। চালকের সিটের ঠিক পেছনে লাগালে যাত্রীরাও এ ট্যাব ব্যবহার করতে পারবেন। ট্যাবটির দাম ৩০ হাজার টাকা হলেও রবির আনলিমিটেড ইন্টারনেট সংযোগসহ মাসে ২ হাজার ৪০০ টাকা কিস্তিতে একবছরে এর মালিক হতে পারবেন।
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, নিরাপত্তাসহ যানবাহনের অন্যান্য বিষয়গুলো এ ডিভাইসে সংযুক্ত করা হয়েছে। আশা করি এ ধরণের আরও উদ্ভাবন হবে এবং দেশের মানুষের কাজে লাগবে।
মোস্তাফা জব্বার বলেন, যে প্রযুক্তি মানুষের কল্যাণে কাজে আসে না সেই প্রযুক্তির কোনও মূল্য নেই। যে প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয় ও যে প্রযুক্তি মানুষের জীবনধারা পাল্টে দেয় বাংলাদেশ এখন এসব প্রযুক্তি উদ্ভাবনের নতুন সময়ে উপনীত হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সৃজনশীলতার মাধ্যমে নতুন ধারণারে বাস্তবে পরিণত করার প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করে বলেন, আমরা এর মধ্যে এমন কিছু দেখতে পাচ্ছি যা দেশের মানুষের কাজে লাগবে।
ওকে –দোয়েল’র চেয়ারম্যান কাজী জসিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রবি‘র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বক্তৃতা করেন। তিনি বলেন, রবি পরিবার সব সময় উদ্ভাবন ও নতুন প্রযুক্তির অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের কমিশনার এ কে এম শহীদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।