সুরক্ষা, বৈঠক, রিদমিকের মতো আরও দেশীয় প্ল্যাটফর্ম উদ্ভাবনের আহ্বান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্থানীয় স্টার্ট-আপ ইকোসিস্টেম উন্নয়ন প্রচেষ্টা নতুন নতুন উদ্ভাবনের মূল ভিত্তি। প্রতিমন্ত্রী সোমবার (১২ জুলাই) ডেটাবার্ড লঞ্চপ্যাড -২০২১- এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

পলক বলেন, গত ৪ বছরে ফিনটেক লজিস্টিক ও ডিজিটাল ই-কমার্সসহ স্টার্ট-আপ সেক্টরে ৩০০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়েছে।  তিনি দেশের প্রথম আইটি প্রতিষ্ঠান হিসেবে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শিক্ষার্থী ও পেশাদারদের জন্য এ ধরনের প্রতিযোগিতা চালুর এই উদ্যোগকে স্বাগত জানান।

প্রতিমন্ত্রী রিদমিক কি-বোর্ডের মতো স্থানীয় চাহিদা মেটাতে সক্ষম প্ল্যাটফর্ম উদ্ভাবনে তরুণদের আরও মনোনিবেশ করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের প্রোগ্রামারদের তৈরি ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম  সুরক্ষা ও জুমের বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বৈঠক’ অ্যাপের কথা উল্লেখ করে বলেন, এমন আরও উদ্ভাবন আমাদের প্রয়োজন।  তিনি নিজস্ব সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন তৈরিতে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।  তিনি বলেন, আমাদের প্রায় ১১ কোটি ইন্টারনেট গ্রাহক রয়েছে।  এই গ্রাহকদের চাহিদা মেটাতে আমাদের স্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, এডুটেইনমেন্ট ভিডিও প্ল্যাটফর্ম দরকার। এছাড়া নিজেদের উদ্যোগগুলোকে ছড়িয়ে দিতে হবে বিশ্বময়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, বেসিস সভাপতি সৈয়ত আলমাস কবির প্রমুখ।