ডিজিটাল ক্যামেরা নিয়ে মেলা

ক্যামেরা মেলার উদ্বোধনক্যামেরা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের পণ্যের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্যামেরা ফেস্ট-২০১৬’। বৃহস্পতিবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজকরা।
রাইট কমিউনিকেশনের আয়োজনে ও সিম্ফনির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলা ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত।
ক্যামেরা মেলায় ১৪টি স্টলে ফুজি, সনি, নিক্কন, ক্যানন ও প্যানটেক্স ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের এসএলআর ক্যামেরা, ডিজিটাল ক্যামেরার লেন্স, সিসি টিভি ক্যামেরা ও ক্যামেরার প্রয়োজনীয় এক্সেসরিজ বিক্রি এবং প্রর্দশনী হচ্ছে। ক্যামেরা-এক্সেসরিজের ডিলার, মডেলিং হাউজসহ ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবারের মেলায়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাইট কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম তুষার বলেন, ক্যামেরা তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমে ব্যবহৃত অন্যতম অপরিহার্য যন্ত্র। ক্যামেরা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্যের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।

মেলায় বিক্রয় ও প্রদর্শনী ছাড়াও থাকছে সেলফি কন্টেস্ট ও ফ্রি প্রোফাইল ছবি তোলার সুযোগ। থাকবে ক্যামেরা টক সেশন। যেখানে ৫০ অংশগ্রহণকারী কথা বলবেন তাদের ক্যামেরা নিয়ে।

/এইচএএইচ/