অনলাইনে শিশুরা নানা ধরনের নিগ্রহের শিকার হয়। এসব থেকে সুরক্ষা দিতে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। সম্প্রতি মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক কার্যালয় (সিঙ্গাপুর) পরিদর্শনে গেলে ডাক ও টেলিযোগোযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমকে এই প্রস্তাব দেওয়া হয়।
মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক কার্যালয়ের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিমন্ত্রীকে জানানো হয়, মাইক্রোসফটের শক্তিশালী সাইবার নিরাপত্তা টিম রয়েছে। সাইবার নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে এবং বাংলাদেশের সাইবার নিরাপত্তা ঝুঁকি নিরূপণে প্রতিষ্ঠানটি সহযোগিতা করতে আগ্রহী।
মাইক্রোসফটের ডিজিটাল ক্রাইম ইউনিটের কর্মকর্তারা সাইবার নিরাপত্তার বিষেয় মাইক্রোসফটের উদ্যোগ এবং সাইবার ক্রাইম অপারেশন সেন্টার, এন্টারপ্রাইজ সাইবার সিকিউরিটি গ্রুপ, সাইবার সিকিউরিটি সেন্টার এবং ট্রাস্টওর্দি কম্পিউটিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। শিশু পর্নোগ্রাফি রোধে মাইক্রোসফট ফটো ডিএনএ উপস্থাপনসহ আজুর নামের মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম –এর মাধ্যমে সাইবার হুমকিগুলোর হালনাগাদ তথ্য পাওয়ার পদ্ধতি ব্যাখ্যা করেন।
বাংলাদেশের যেকোনও সাইবার আক্রমণের পূর্বাভাস, মূল্যায়ন ও এ সংক্রান্ত তথ্য বিনিময়ে মাইক্রোসফট সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়াও প্রতিমন্ত্রী তারানা হালিমকে মাইক্রোসফট ‘মাইক্রোসফট ডিজিটাল গভর্নমেন্ট’ এর বিষয়ে তাদের নেওয়া উদ্যোগগুলো সম্পর্কেও জানায়।
/এইচএএইচ/