শেখ রাসেলকে নিয়ে থ্রিডি অ্যানিমেশন ফিল্ম তৈরি করা হবে: পলক

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের সেরা অ্যানিমেটরদের দিয়ে শিগগিরই আমরা শেখ রাসেলকে নিয়ে প্রধানমন্ত্রীর লেখা ‘রাসেল আমার ছোট্ট সোনা’ অবলম্বনে থ্রিডি অ্যানিমেশন ফিল্ম তৈরি করা হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ইন্টারঅ্যাক্টিভ গেম ‘মুক্তিযুদ্ধ’ তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিব অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তি থেকে জ্ঞানভিত্তিক সৃজনশীল অর্থনীতির দিকে এগিয়ে যেতে আমাদের তরুণ-তরুণী, শিশু-কিশোরদের সৃজনশীল ও সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করতে হবে। যাতে করে কম্পিউটার যে কাজগুলো করতে পারে না, সেই কাজগুলোই মানুষের ব্রেইন করবে। বাকি কাজগুলো করবে কম্পিউটার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেজন্য সৃষ্টিশীল ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে আইসিটি বিভাগ থেকে সহায়তা করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের এই শিশু-কিশোর, তরুণ ছাত্র-ছাত্রী ভাই-বোনদের একটি সুস্থ ধারার বিনোদন দেওয়ার জন্য দেশজুড়ে প্রতিটি হাইটেক পার্কে একটি করে সিনেপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি অধিদফতরের মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহিদী বক্তৃতা করেন।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে মোট ৩২ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে ৪২ লাখ টাকার চেকসহ ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।