সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শো-রুমের যাত্রা শুরু

দেশে সনির ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস চালু করলো ফ্ল্যাগশিপ শো-রুম। রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার (২২ মার্চ)সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শো-রুম উদ্বোধন করেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। দেশের বাজারে আসল সনি পণ্য বাজারজাত করার ক্ষেত্রে এগিয়ে আসার জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে তিনি অভিনন্দন জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সনি সাউথ-ইস্ট এশিয়ার (আরএমডিসি) প্রেসিডেন্ট আতসুশি এন্দো বলেন, ২০ বছরেরও বেশি সময় ধরে, স্মার্ট টেকনোলজিসের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে সনি গর্ববোধ করছে। সেই ধারাকে মাথায় রেখে এই নতুন ফ্ল্যাগশিপ শো-রুমটি বাংলাদেশে ডিজিটাল বিভাজন বন্ধ করতে সাহায্য করবে।

স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিস সরবরাহকৃত আসল পণ্য, সঠিক মূল্য ও প্রকৃত সেবা গ্রহণের মাধ্যমে ক্রেতারা সহজেই বাজারে অস্বাভাবিক ছাড়ের অফারসহ নকল বা রিফারবিশড পণ্য বিক্রেতাদের সনাক্ত করতে এবং তুলনা করতে পারবেন। তিনি জানান, স্মার্ট টেকনোলজিস আসল পণ্য, সঠিক মূল্য ও সেবার মাধ্যমে দেশে ৮৫টিরও বেশি গ্লোবাল ব্র্যান্ডের বাজারজাতকরণে ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।