তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ইজি টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
রাজধানীর ঢাকা ক্লাবে অতি সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহা-পরিচালক খন্দকার রাকিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহা-পরিচালক জসীম উদ্দিন আহমেদ, ইজি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রাহমান পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ক্রাউড সোর্স অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেশের যেকোনও সচেতন নাগরিক তার নিজের পরিচয় দিয়ে বা পরিচয় গোপন রেখে মাদক সংক্রান্ত যেকোনও তথ্য যেমন-মাদক ব্যবসায়ী, মাদক সেবী, মাদক সরবরাহকারী সম্পর্কে বাংলাদেশ সরকারের দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট সংস্থাকে জানানো যাবে। এ সময় মাদক সংক্রান্ত যেকোনও ছবি বা ভিডিও থাকলে তা-ও সুংযুক্ত করে পাঠানো যাবে।
ক্রাউড সোর্স অ্যাপটি দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে দেশের সাধারণ মানুষের মাঝে মাদকের কুফল সম্পর্কে যেকোনও সামাজিক সচেতনেতামূলক বার্তা, মাদকের কুফল সম্পর্কে গাইড লাইন সহজেই পাঠানো যাবে। ফলে সাধারণ মানুষ উপকৃত হবে। তাছাড়া মাদক নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারী মাদক আক্রান্ত ব্যক্তির লক্ষণ, মাদক সংক্রান্ত যেকোনও তথ্য বা জিজ্ঞাসা অ্যাপ থেকে পাবেন। ক্রাউড সোর্স অ্যাপে জরুরি হটলাইন নম্বর থাকবে যা দিয়ে দেশের যেকোনও প্রান্ত থেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।
অ্যাপটি ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে:
https://play.google.com/store/apps/details?id=com.ezzetech.crowdsourcing
অ্যাপটির ওয়েব ঠিকানা: http://www.crowdsourcebd.com/
/এইচএএইচ/