ছুটির প্রথম দিন ঢাকার বাইরে গেছে ১৬ লাখের বেশি সিম

ঈদের ছুটির প্রথম দিন বুধবার (১৯ এপ্রিল) ঢাকার বাইরে গেছে ১৬ লাখের বেশি সচল মোবাইল সিম। আর এই সময়ে ঢাকায় ঢুকেছে ছয় লাখের বেশি সিম। সব মিলিয়ে ১৮ ও ১৯ এপ্রিল ঢাকার বাইরে গেছে ২৯ লাখ ৯২৩টি সিম। আর ঢাকায় এসেছে ১৩ লাখ ৩০৫টি মোবাইল সচল মোবাইল সিম।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকার বাইরে গেছে ১২ লাখের বেশি সচল মোবাইল সিম। আর এই সময়ে ঢাকায় ঢুকেছে সাড়ে ছয় লাখের বেশি সিম।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ (ছবি: নাসিরুল ইসলাম)

মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে জানিয়েছেন, ১৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে যাওয়া সিমের মধ্যে রয়েছে গ্রামীণফোনের পাঁচ লাখ ৭৯ হাজার ৮৭৮টি, বাংলালিংকের ছয় লাখ ৫৮ হাজার ২৫২টি, রবির চার লাখ ১৬ হাজার ৯৫৫টি ও টেলিটকের ১৭ হাজার ৫৬০টি সিম। সব মিলিয়ে ১৯ এপ্রিল ঢাকার বাইরে গেছে ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫টি সিম।

আর বাইরে থেকে ঢাকায় আসা সিমের মধ্যে রয়েছে গ্রামীণফোনের এক লাখ ৩৩ হাজার ২৩৭টি, রবির ৮২ হাজার ৯০১টি, বাংলালিংকের চার লাখ ১০ হাজার ১৮১টি এবং টেলিটকের ছয় হাজার ২০৩টি সিম। সব মিলিয়ে ১৯ এপ্রিল ঢাকায় এসেছে ছয় লাখ ৩২ হাজার ৫২২টি সিম।