চিপ তৈরি বন্ধ করছে অপো

বৈশ্বিক অর্থনীতি এবং স্মার্ট ফোন ইন্ডাস্ট্রিতে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় চিপ ডিজাইন ইউনিট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে চীনভিত্তিক স্মার্ট ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। চীনের অন্যতম সেরা ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয় তারা তাদের জেকু ইউনিটের অপারেশন বন্ধ করতে যাচ্ছে। ইউনিটটি স্থাপন করা হয় ২০১৯ সালে। এই ইউনিটটি মারিসিলিকন এক্স চিপ উৎপাদন করতো, যা মূলত একটি নিউরাল প্রসেসিং ইউনিট ছিল। এর কাজ ছিল ফোন দিয়ে তোলা ভিডিও এবং ছবির মানকে উন্নত করা।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, বৈশ্বিক অর্থনীতি এবং স্মার্টফোন বাজারে অস্থিতিশীলতা তৈরি হওয়ায় আমরা দীর্ঘমেয়াদি ডেভেলপমেন্টের ব্যাপারে অনিশ্চিত হয়ে পড়েছি। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, চীনের স্মার্ট ফোন বাজার বিশ্বের সবচেয়ে বড় বাজার। দেশটির জনগণ এখন বড় কিছু কেনা থেকে দূরে সরে আসছে। এমনকি জিরো-কোভিডের বাধা পার হওয়ার পরেও এর কোনও উন্নতি হয়নি।

২০২২ সালে দেশটির ১৪ শতাংশ শিপমেন্ট কমে যায়। এই দশকে প্রথমবারের মতো ৩০০ ইউনিটের মতো কম শিপমেন্ট হয়। বছরের প্রথম কোয়ার্টারে শিপমেন্ট কমে ১১ শতাংশ; যা গত বছরের তুলনায় ৬৭ দশমিক ২ মিলিয়ন ইউনিট কম। মূলত হুয়াওয়ের পতনের পরে অপো এবং এর প্রতিদ্বন্দ্বী শাওমি তাদের নিজস্ব চিপ ডিজাইন ইউনিট তৈরি করেছিল।