ব্লকচেইন অলিম্পিয়াড ২৩ জুলাই শুরু

আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৩। দেশে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তিন দিনের এই প্রতিযোগিতা শেষ হবে ২৫ জুলাই। সমাপনী দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হবে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সোমবার (১৭ ‍জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় ১১৮টি দল নিবন্ধন করে, যাদের মধ্যে থেকে ৪০টি দলকে চূড়ান্ত পর্বে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে থেকে হোয়াইট পেপার মূল্যায়নের মাধ্যমে চারটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। স্টুডেন্ট ক্যাটাগরিতে বিজয়ী এই চারটি দলের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে পাবে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী চ্যাম্পিয়ন পুরস্কার, দ্বিতীয় পুরস্কার রানার্স আপ, চতুর্থ পুরস্কার ব্রোঞ্জ এবং চতুর্থ পুরস্কার বেস্ট প্রোটোটাইপ। চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং ব্রোঞ্জ পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ২ লাখ, ১ লাখ এবং ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার। আর প্রফেশনাল ক্যাটাগরিতে নগদ ৫ লাখ টাকা পুরস্কার জেতারও সুযোগ থাকছে এই প্রতিযোগিতায়। এছাড়াও তিন দিনের এই আয়োজনে অনলাইনে চারটি সেমিনারের আয়োজন করা হবে যেখানে দেশি-বিদেশি বক্তারা অংশ নেবেন।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে ডাটা জালিয়াতি, প্রতারণা ও হ্যাকারদের মোকাবিলায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই অলিম্পিয়াড ব্লকচেইন ব্যবহার সম্পর্কে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।