গত বছর হোয়টসঅ্যাপ বেশ কিছু নতুন আপডেট আনে। যা ভয়েস মেসেজে ভালো একটি অভিজ্ঞতা দেয়। এবার এমনই একটি ভালো আপডেট আনলো গ্রুপের ক্ষেত্রে। মেসেজিং এই অ্যাপটি সম্প্রতি গ্রুপ ভয়েস মেসেজের অপশন এনেছে। যার মাধ্যমে গ্রুপ চ্যাট করা যাবে। তবে এটি বেটা সংস্করণে বলে জানায় ডব্লিউএবেটাইনফো। এর আগে ভয়েস চ্যাট অডিও চ্যাট নামে এসেছিল।
সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, এটি অনেকটা গ্রুপ কলের মতোই। যাদের কাছে এই আপডেট আছে তারা গ্রুপ চ্যাটের উপরের ডান পাশে ওয়েভফর্ম সিম্বল দেখতে পারবে। সেই আইকনে প্রেস করলে বামে মাইক্রোফোন আর ডানে লাল এক্স লেখা বাটনসহ ভয়েস চ্যাট চালু হবে। এটি চালু করলে গ্রুপের সবাই অন্যান্য মেসেজের মতো একটি পুশ নোটিফিকেশন পাবেন। সবাই চ্যাট বক্সের উপরে একটি ব্যানার দেখতে পাবেন। সেখানে দেখা যাবে মোট কতজন চ্যাট করছে তখন। সেই সঙ্গে ব্যবহারকারীর কানেক্ট হওয়ার অপশনও থাকবে।
ভয়েস চ্যাটটি অন্যান্য চ্যাটের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত করা থাকবে। এক ঘণ্টার মধ্যে কেউ যদি উপস্থিত না হয় তাহলে চ্যাটটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
এজগেজেট জানায়, ফিচারটি আপাতত শুধু বেটা সংস্করণে উন্মুক্ত থাকলেও খুব শিগগিরই তা আরও অনেকের জন্য উন্মুক্ত করা হবে।