ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড পেলো ৩৪ প্রতিষ্ঠান

ই-কমার্স এবং ই-কমার্স খাত সংশ্লিষ্ট ৩৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ই-ক্যাব বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) তুলে দেয় সংগঠনটি।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক।

জমকালো এই আয়োজনে ২৭টি ক্যাটাগরিতে নিরপেক্ষ বিচারকদের মূল্যায়নে প্রায় ২০০ আবেদন থেকে নির্বাচিত ৩৪টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দারাজ বাংলাদেশ লিমিটেড সেরা ই-কমার্স মার্কেটপ্লেস, ফুডপান্ডা সেরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, বিকাশ লিমিটেড সেরা এমএফএস প্ল্যাটফর্ম এবং সিটি ব্যাংক ই-কমার্সের জন্য সেরা ব্যাংকিং সলিউশনের জন্য অ্যাওয়ার্ড অর্জন করে।

উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে আরও রয়েছে, ওয়ালটন, উবার, আড়ং, মাস্টারকার্ড, শেয়ারট্রিপ, টেন মিনিট স্কুল ইত্যাদি প্রতিষ্ঠান।

এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, চালডাল, রকমারি, শপআপ, পিকাবু, ইস্টার্ন ব্যাংক, বিক্রয়, একশপ, স্টেডফাস্ট, নগদ, সেবা এক্সওয়াইজেড, সাজগোজ, আরোগ্য, ফসল, বাটা, রিবানা, সিঙ্গার, উপায়, পাঠাও, ডিজিবক্স, স্কাইটেক, লালসবুজ, উইমেন ইন ই-কমার্স, ব্রেইনস্টেশন২৩ -কে পুরস্কৃত করা হয়েছে, যারা নিজ নিজ ডোমেইনে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ই-ক্যাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল, পরিচালক ও ইকমা আহ্বায়ক খন্দকার তাসফিন আলম এবং অন্য নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

–বিজ্ঞপ্তি