সন্দেহজনক কোনও লিংকে ক্লিক না করতে অনুরোধ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীন বিজিডি ই-গভ সার্ট। বাংলাদেশে ম্যালওয়ারের অস্তিত্ব আশঙ্কাজনক হারে বাড়ছে উল্লেখ করে সংস্থাটি সবাইকে সচেতন হওয়া ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিডি ই-গভ সার্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইটি অবকাঠামো থেকে তথ্য চুরির ক্ষেত্রে ব্যবহৃত ম্যালওয়ার সামগ্রিকভাবে ইনফো স্টেলার হিসেবে পরিচিত। এ ধরনের ম্যালওয়ারের মূল লক্ষ্য থাকে অবকাঠামোয় লগইনের তথ্য যেমন- ব্যবহারকারীর নাম, আইডি, পাসওয়ার্ড ও সংবেদনশীল বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং এসব তথ্য সাইবার অপরাধীদের অবকাঠামোয় বা সিস্টেমে পাঠানো। সাইবার অপরাধীরা এ ধরনের তথ্যের অপব্যবহার করে বড় ধরনের সাইবার আক্রমণের পরিকল্পনা করতে পারে।
ব্যক্তি পর্যায়ে সংক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর এই ম্যালওয়ারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ম্যালওয়ার সংক্রমণের মাধ্যমে একাধিক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আক্রান্ত হওয়ার আলামত পাওয়া যায়। এ ধরনের ঘটনা পরিক্রমা বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশে এরকম ম্যালওয়ারের অস্তিত্ব আশঙ্কাজনক হারে বাড়ছে।
এসব ম্যালওয়ারের আক্রমণ থেকে রক্ষা পেতে কোনও ধরনের সন্দেহজনক লিংকে ক্লিক না করা বা অচেনা প্রেরকের কাছ থেকে পাওয়া ই-মেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বনের তাগিদ দিয়েছে বিজিডি ই-গভ সার্ট।
এ বিষয়ে বিজিডি ই-গভ সার্টের ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনে উল্লেখিত দিকনির্দেশা অনুসরণ করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এই লিংকে https://www.cirt.gov.bd/cyberthreatalert-infostealer গেলে বিস্তারিত জানা যাবে।