বিশ্বের অন্যতম বৃহৎ ইএম টুয়েন্টিফোর সফটওয়্যার সল্যুশন স্থাপন করেছে গ্রামীণফোন। বিপুল নেটওয়ার্ক অ্যাক্টিভিটির ডেটা প্রক্রিয়াকরণ, উল্লেখযোগ্যভাবে গ্রাহক বিলিং এর নির্ভুলতা উন্নত করতে এবং গ্রাহক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে সহায়ক এরিকসনের এই প্রযুক্তি। অত্যাধুনিক এই সিস্টেমটি গ্রামীণফোনের নেটওয়ার্ক জুড়ে তৈরি হওয়া বিপুল ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং তা ব্যবহার উপযোগী করতে সক্ষম করে। এটি নেটওয়ার্ক পারফরম্যান্সের আদ্যোপান্ত ও গ্রাহকদের সেবা গ্রহণের ধরন সম্পর্কে তথ্য প্রদান এবং বিলিংয়ের মান উন্নত করতেও সহায়ক। অত্যাধুনিক এই সিস্টিমটি এমনভাবে তৈরি করা হয়েছে যা কার্যকরভাবে ১০ কোটির বেশি গ্রাহকের তথ্য ব্যবস্থাপনায় কার্যকর, যা দৈনিক ৬শ কোটির বেশি ডাটা ট্রানজেকশনের সমান। যার ফলে এই ধরনের প্রযুক্তি স্থাপনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ।
ইএম টুয়েন্টিফোরের বহু সুবিধাগুলোর মধ্যে রয়েছে তাৎক্ষণিকভাবে ব্যবহৃত ডাটা প্রক্রিয়াকরণ, বিভিন্ন ডেটা ফরম্যাট ও প্রোটোকলের মধ্যে সমন্বয় সাধন, বৈচিত্র্যময় নেটওয়ার্ক প্রযুক্তিতে সহায়ক এবং গ্রাহক তথ্য সুরক্ষা নিশ্চিত করে দ্রুততম সময়ে বিপুল সংখ্যক ডাটা প্রক্রিয়াকরণের সক্ষমতা। এই মানসম্মত ডাটাগুলো পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন বিলিং, রিপোর্টিং এবং নেটওয়ার্ক ব্যবহারের ওপর ভিত্তি করে গ্রাহকদের জন্য আরও কার্যকর বিল তৈরি করা।
গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান বলেন, 'তাৎক্ষণিকভাবে ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা গ্রাহকদের পরিবর্তনশীল ডিজিটাল চাহিদা পূরণে এবং দেশের ডিজিটাল রূপান্তরে ইতিবাচক ভূমিকা রাখতে চেষ্টা করছি, যাতে আমরা ভবিষ্যতের কানেক্টিভিটির মাধ্যমে আমাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে পারি।'
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার হেড অব এরিকসন ডেভিড হেগারব্রো বলেন, 'নেটওয়ার্ক সমন্বয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। বর্তমানের জটিল নেটওয়ার্ক ব্যবস্থায় একটি শক্তিশালী মেডিয়েশন প্ল্যাটফর্ম অপরিহার্য, যা নতুন প্রযুক্তি ও দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক মডেলগুলোর জন্য নেটওয়ার্কের সব উপাদানের সমন্বয় করতে সক্ষম ।'