বর্তমানে ছোট আকারের ভিডিওর জনপ্রিয়তা তুঙ্গে। এই ধরনের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদান করা যায়। ফলে এগুলো দেখতে যেমন সুবিধা, তেমনি তৈরি করাও সহজ। তরুণদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউবের শর্টস ভিডিও। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ‘শর্টস’ ভিডিও তৈরি করা যায়। তবে এতো কম সময়ে বিস্তারিত তথ্য জানানোর সুযোগ মেলে না বলে অনেকেই অভিযোগ করে আসছিলেন। এ সমস্যা সমাধানে শর্টস ভিডিও ধারণের সময় বর্তমানের তুলনায় তিন গুণ বৃদ্ধি করতে যাচ্ছে ইউটিউব। এক ব্লগ বার্তায় ইউটিউব সম্প্রতি এমন তথ্য জানিয়েছে।
আগামী ১৫ অক্টোবর থেকে সর্বোচ্চ তিন মিনিটের শর্টস ভিডিও তৈরি করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে বর্গাকার ও লম্বা উভর ফ্রেমের ভিডিও তৈরি করতে পারবেন নির্মাতারা। আকারে বড় শর্টস ভিডিওর পাশাপাশি আগে প্রকাশ করা ৬০ সেকেন্ডের শর্টস ভিডিওগুলোও ইউটিউবে দেখা যাবে। পর্যায়ক্রমে সব নির্মাতা এ সুযোগ পাবেন।
শর্টস ভিডিওর মান উন্নত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। এতে ইউটিউব ব্যবহারকারীরা যেমন বর্তমানের তুলনায় বেশি বিনোদনমূলক কনটেন্ট খুঁজে পাবেন, তেমনি নির্মাতারাও ভিডিও তৈরি করে আয় করতে পারবেন সহজে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস