বর্তমান সময়ে গ্যাজেট একেবারে না দিয়ে সন্তান বড় করা বেশ কষ্টকর। ফলে একটু-আধটু তাদের হাতে মোবাইল ফোন বা ট্যাবটা দিতেই হয়। আর হাতে ফোনটা পেলে নিমিষেই শিশু খুলে ফেলে ইউটিউব। নানা ধরনের ভিডিওর ভিড়ে আপত্তিকর কোনও ভিডিও শিশু দেখে ফেলছে কিনা সেটা নিয়ে অনেক অভিভাবকই থাকেন চিন্তিত। সন্তান ইউটিউবে কী দেখবে আর কী দেখবে না, সেটা কিন্তু কয়েকটি কৌশলে সহজেই নির্ধারণ করে দিতে পারেন আপনি। জেনে নিন কীভাবে শিশুর জন্য ইউটিউব সুরক্ষিত রাখবেন।
- ইউটিউব ওপেন করে সেটিংসে যান। সেখানে ‘জেনারেল’ অপশনটিতে ক্লিক করুন। এখানেই রয়েছে ‘রেস্ট্রিকটেড মোড।’ সন্তানের হাতের নাগাল থেকে প্রাপ্তমনস্কদের ভিডিও দূরে রাখতে এই মোড চালু করে দিন। এতে ইউটিউবে আর এমন কোনও ভিডিও দেখা যাবে না, যা তাদের উপযোগী নয়।
- যে ধরনের ভিডিয়ো বা শর্টস শিশুকে দেখাতে চান না, সেগুলিকে ‘নট ইন্টারেস্টেড’ হিসেবে চিহ্নিত করে রাখুন। কয়েকটি এমন ভিডিও চিহ্নিত করতে পারলে ইউটিউবের অ্যালগরিদম বুঝে যাবে, কোন ধরনের ভিডিও আপনি দেখতে চাইছেন না। সেগুলো আসা বন্ধ হয়ে যাবে।
- ইউটিউবে নিয়মিত ‘ওয়াচ হিস্ট্রি’ খেয়াল রাখুন। সন্তান মোবাইল নিয়ে ইউটিউবে কী সার্চ করছে, কোন ধরনের ভিডিও দেখছে তা সহজেই বুঝতে পারবেন এই হিস্ট্রি থেকে।
- ‘ইউটিউব কিডস’ রয়েছে। সেটা ডাউনলোড করে দিন। কেবল শিশুদের উপযোগী ভিডিওই দেখা যায় এতে।
- শিশুর হাতে ফোন দিয়ে একেবারে ছেড়ে দেবেন না। শিশু যখন ইউটিউব খুলবে, আপনিও আশেপাশে থাকার চেষ্টা করুন।