এতদিন গুগল ফটোসকে শুধু ছবি সংরক্ষণের অ্যাপ হিসেবেই ব্যবহার করা হতো। তবে নতুন এআই-চালিত ফিচার যুক্ত হওয়ায় এটি এখন একটি শক্তিশালী সৃজনশীল টুলকিটে রূপ নিচ্ছে। হাসি ঠিক করা, সানগ্লাস সরানো থেকে শুরু করে সাধারণ ছবিকে শিল্পীসুলভ পোর্ট্রেটে রূপান্তর— সবকিছুতেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে গুগল।
এই নতুন আপডেটগুলো ছবি সম্পাদনাকে যেমন আরও সহজ ও স্বাভাবিক করে তুলেছে, তেমনি সাধারণ ব্যবহারকারীদের জন্য এমন সব সৃজনশীল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যা আগে কেবল পেশাদার সফটওয়্যারের মাধ্যমেই সম্ভব ছিল।
চলুন দেখে নেওয়া যাক, গুগল ফটোসে এআই ব্যবহার করে কী কী করা যাবে—
১. হাসি ঠিক করা ও সানগ্লাস সরানো
অনেক সময় দেখা যায়, দারুণ একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হলেও ছোটখাটো ত্রুটি থেকে যায়— কারও চোখ বন্ধ, কেউ সানগ্লাস খুলতে ভুলে গেছে বা কারও হাসি ঠিকভাবে ধরা পড়েনি।
এখন এসব সমস্যা সমাধান করা যাবে খুব সহজেই।
ছবিটি খুলে ‘হেল্প মি এডিট’ অপশনে গিয়ে শুধু লিখুন—
‘রাইলির সানগ্লাস সরাও, আমার চোখ খুলো, এঞ্জেলকে হাসাও এবং তার চোখ খুলো।’
গুগল ফটোস আপনার ব্যক্তিগত ফেস গ্রুপে থাকা ছবির তথ্য ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখের নিখুঁত ও বাস্তবসম্মত সম্পাদনা করবে।
২. শুধু বলেই ছবি সম্পাদনা
এখন আর জটিল টুল ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি কী পরিবর্তন চান, তা শুধু ভয়েস বা লেখার মাধ্যমে বললেই গুগল ফটোস সেই অনুযায়ী ছবিটি সম্পাদনা করে দেবে।
নতুন ডিজাইনের ফটো এডিটরটি আইওএস-এও যুক্ত করা হচ্ছে, যেখানে সহজ জেসচার, এক-ট্যাপ সাজেশন এবং স্বাভাবিক ভাষা ব্যবহার করে ছবি সম্পাদনা করা যাবে।
এই ফিচারটি বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রযোজ্য।
৩. এআই টেমপ্লেট দিয়ে ছবিকে নতুনভাবে কল্পনা
ব্যবহারকারীদের জন্য গুগল যুক্ত করছে নতুন ‘ক্রিয়েট উইথ এআই’ সেকশন। এখানে থাকা প্রস্তুত এআই টেমপ্লেটগুলো ন্যানো ব্যানানা প্রযুক্তির মাধ্যমে চালিত। এর মাধ্যমে সহজেই করা যাবে—
‘আমাকে একটি হাই-ফ্যাশন ফটোশুটে রাখো’
‘একটি পেশাদার হেডশট তৈরি করো’
‘আমার ছবিকে শীতের ছুটির কার্ডে রূপান্তর করো’
মাত্র কয়েক সেকেন্ডেই সাধারণ ছবি হয়ে উঠবে একেবারে নতুন রূপের।
৪. ‘আস্ক’ বাটনে ছবি সম্পর্কে আরও জানুন
আগে থেকেই আস্ক ফটোস ফিচার ছবি খুঁজে পেতে সাহায্য করতো। এবার যুক্ত হয়েছে নতুন আস্ক’ বাটন, যা একটি ছবির সঙ্গে আরও গভীরভাবে কাজ করার সুযোগ দেবে।
ছবি দেখার সময় ‘আস্ক’ বাটনে ট্যাপ করে আপনি—
ছবির ভেতরের বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করতে পারবেন, সম্পর্কিত স্মৃতি বা মুহূর্ত খুঁজে পেতে পারবেন, কোন ধরনের সম্পাদনা চান, তা জানালে কয়েক সেকেন্ডের মধ্যেই পরিবর্তন দেখতে পারবেন এমনকি টাইপ করে বা সাজেশন চিপ ব্যবহার করেই কথোপকথন শুরু করা যাবে।
গুগল ফটোসে এআই-এর এই নতুন ফিচারগুলো শুধু ছবি সংরক্ষণ নয়, বরং স্মৃতিগুলোকে নতুনভাবে আবিষ্কার, সাজানো ও উপভোগ করার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। সাধারণ ব্যবহারকারীর হাতেই এখন পেশাদার মানের ছবি সম্পাদনার ক্ষমতা।