হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বরের কল সাইলেন্ট করার ফিচারটি চালু করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ এখন শুধু বার্তা আদান-প্রদানের অ্যাপ নয়, বরং নিয়মিত অডিও ও ভিডিও কলের মাধ্যম হিসেবেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে যেকোনও ব্যক্তি ফোন নম্বর জানলেই কল করতে পারায় অনেক সময় অপরিচিত বা অচেনা নম্বর থেকে আসা কল ব্যবহারকারীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এ সমস্যা কমাতে হোয়াটসঅ্যাপে রয়েছে একটি কার্যকর ফিচার, যার মাধ্যমে অপরিচিত নম্বরের কল সাইলেন্ট করে রাখা যায়।

এই ফিচার চালু থাকলে যেসব নম্বর ফোনে সংরক্ষিত নেই বা যাদের সঙ্গে আগে কখনো যোগাযোগ হয়নি, সেসব নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ কল ফোনে রিং করবে না। ফলে স্প্যাম, প্রতারণামূলক বা অপ্রয়োজনীয় কলের কারণে বারবার বিরক্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, কল সাইলেন্ট থাকলেও সেটি পুরোপুরি অদৃশ্য হয় না। অপরিচিত নম্বর থেকে আসা কলের তথ্য হোয়াটসঅ্যাপের কল তালিকায় সংরক্ষিত থাকে এবং নোটিফিকেশন হিসেবেও দেখা যায়। প্রয়োজনে ব্যবহারকারী পরে সেই নম্বরে কল ব্যাক করতে পারবেন।

যেভাবে চালু করবেন ফিচারটি

অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলতে হবে। এরপর ওপরের ডান পাশে থাকা তিনটি বিন্দুতে ট্যাপ করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। সেখানে ‘প্রাইভেসি’ বিভাগে প্রবেশ করে নিচের দিকে স্ক্রল করলে ‘কলস’ নামের একটি সেকশন পাওয়া যাবে। সেখান থেকেই ‘সাইলেন্স আননোন কলারস’ বা অপরিচিত নম্বরের কল সাইলেন্ট রাখার অপশনটি চালু করা যাবে।

এই সেটিং চালু করার পর ফোনে সেভ করা নেই এমন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল এলে রিংটোন বাজবে না। তবে কলটি কলস ট্যাবে দেখা যাবে এবং চাইলে সেখান থেকেই কল রিটার্ন করা যাবে।

নিরাপত্তার বাড়তি সুবিধা

এই ফিচার শুধু বিরক্তি কমায় না, বরং নিরাপত্তার দিক থেকেও কার্যকর। কারণ অপরিচিত নম্বর থেকে সরাসরি কল রিসিভ না হওয়ায় স্প্যাম বা প্রতারণার ঝুঁকি হ্রাস পায়। তবে ব্যবহারকারী যদি কোনও অপরিচিত নম্বরে আগে কল করেন বা বার্তা পাঠান, তাহলে ভবিষ্যতে সেই নম্বর থেকে আসা কল আর সাইলেন্ট থাকবে না।

এ ছাড়া নির্দিষ্ট কোনও ব্যক্তি বা নম্বরের কাছ থেকে একেবারেই কল পেতে না চাইলে হোয়াটসঅ্যাপের ব্লক অপশন ব্যবহার করে তাকে স্থায়ীভাবে ব্লক করা যায়।

হোয়াটসঅ্যাপের এই সুবিধা ব্যবহার করে সহজেই ব্যবহারকারীরা আরও শান্ত ও নিরাপদ কলিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পারেন।