মেসেজিং অ্যাপের বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হতে যাচ্ছে ‘এক্সচ্যাট’। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক এই নতুন অ্যাপ চালুর পরিকল্পনা করেছেন, যা তৈরি করা হয়েছে হোয়াটস অ্যাপ ও সিগন্যালের আদলে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ‘এক্সচ্যাট’ হবে একটি নিরাপদ ও আধুনিক যোগাযোগমাধ্যম, যেখানে ব্যবহারকারীরা এনক্রিপশন সুবিধার মাধ্যমে ব্যক্তিগত বার্তা আদান-প্রদান করতে পারবেন। অর্থাৎ, প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তার তথ্য জানতে পারবে না।
অ্যাপটিতে থাকছে অডিও ও ভিডিও কল, ছবি ও ফাইল শেয়ারিং, গ্রুপ চ্যাটসহ বিভিন্ন প্রয়োজনীয় ফিচার। পাশাপাশি পাঠানো বার্তা সম্পাদনা ও মুছে ফেলার সুবিধাও থাকবে, যা ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।
প্রাথমিকভাবে ‘এক্সচ্যাট’ চালু হবে আইওএস ও আইপ্যাড ওএস প্ল্যাটফর্মে। ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরাই প্রথমে এই সেবা উপভোগ করতে পারবেন।
জানা গেছে, আগামী ১৭ এপ্রিল অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হতে পারে।
তবে গুরুত্বপূর্ণ শর্ত হলো— এটি ব্যবহার করতে হলে অবশ্যই এক্স-এ একটি অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ, এটি সম্পূর্ণ স্বাধীন প্ল্যাটফর্ম নয়।
বিশেষজ্ঞরা বলছেন, এটি ‘এক্স’-এর ব্যবহারকারীদের জন্য একটি বাড়তি সুবিধা হলেও বাজারে ইতোমধ্যে শক্ত অবস্থানে থাকা হোয়াটস অ্যাপ ও সিগন্যালের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ হবে না। কারণ, এসব অ্যাপ ব্যবহারের জন্য অন্য কোনও প্ল্যাটফর্মে অ্যাকাউন্টের প্রয়োজন হয় না এবং অ্যান্ড্রয়েডসহ সব প্ল্যাটফর্মে তাদের ব্যবহারকারী সংখ্যা অনেক বেশি।
সব মিলিয়ে, ‘এক্সচ্যাট’ কতটা জনপ্রিয়তা পায়, তা নির্ভর করবে এর ব্যবহারযোগ্যতা, নিরাপত্তা এবং ব্যবহারকারী আকৃষ্ট করার কৌশলের ওপর।
সূত্র: ম্যাশেবল