বর্তমানে স্মার্টফোনের হটস্পট ব্যবহার করে ইন্টারনেট শেয়ার করা খুবই সাধারণ বিষয়। বন্ধুবান্ধব বা পরিচিত কারও জরুরি প্রয়োজনে অনেকেই নিজের মোবাইল ডাটা অন্যের সঙ্গে ভাগ করে নেন। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে—হটস্পট চালু করলে অন্য কেউ কি ফোনের ব্যক্তিগত তথ্য বা ডাটা চুরি করতে পারে?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শুধু হটস্পট চালু করে ইন্টারনেট শেয়ার করলেই কেউ আপনার ফোনের ছবি, ভিডিও, মেসেজ বা ব্যাংকিং তথ্য দেখতে বা চুরি করতে পারবে না। তবে নিরাপদ মনে হলেও হটস্পট ব্যবহারে কিছু ব্যবহারিক ও নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি রয়েছে, যেগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি।
যেসব বিষয়ে দুশ্চিন্তার কারণ নেই
হটস্পটে সংযুক্ত ব্যবহারকারী শুধু আপনার ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবেন। ফলে ব্যক্তিগত ছবি ও ফাইল নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ফোনের গ্যালারি, ভিডিও বা অন্যান্য ফাইল অন্য কেউ দেখতে বা ডাউনলোড করতে পারবে না।
এছাড়া ব্যাংকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা নিয়েও নিশ্চিন্ত থাকতে পারেন। ফেসবুক, জিমেইল, ব্যাংকিং অ্যাপ বা অন্যান্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও তথ্য নিরাপদেই থাকবে।
যেসব ঝুঁকি রয়েছে
দ্রুত ডাটা শেষ হতে পারে: হটস্পট ব্যবহারকারী বড় ফাইল ডাউনলোড, ভিডিও স্ট্রিমিং বা অ্যাপ আপডেট করলে আপনার মোবাইল ডাটা দ্রুত শেষ হয়ে যেতে পারে।
ফোন গরম হওয়া ও ব্যাটারি দ্রুত শেষ হওয়া: একসঙ্গে মোবাইল ডাটা ও হটস্পট চালু থাকলে ফোনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে ফোন গরম হতে পারে এবং ব্যাটারির চার্জও দ্রুত কমে যায়।
আইনি ও সাইবার ঝুঁকি: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার হটস্পট ব্যবহার করে কেউ যদি সাইবার অপরাধ বা অন্য কোনো অবৈধ কার্যক্রম চালায়, তাহলে সেই কাজটি আপনার ইন্টারনেট সংযোগ থেকেই হয়েছে বলে শনাক্ত হতে পারে। ফলে কোনো তদন্ত হলে প্রাথমিকভাবে আপনার সংযোগের বিষয়েও অনুসন্ধান হতে পারে।
নিরাপদ থাকতে যা করবেন
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: হটস্পট কখনও খোলা (ওপেন) রাখবেন না। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, যাতে অনুমতি ছাড়া কেউ সংযুক্ত হতে না পারে।
ডাটা লিমিট নির্ধারণ করুন: হটস্পটের জন্য নির্দিষ্ট ডাটা সীমা নির্ধারণ করলে অতিরিক্ত ইন্টারনেট খরচ এড়ানো যাবে।
সংযুক্ত ডিভাইস নজরে রাখুন: নিয়মিত দেখে নিন কতটি ডিভাইস যুক্ত আছে। অপরিচিত কোনও ডিভাইস দেখলে সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করুন।
কাজ শেষে হটস্পট বন্ধ করুন: প্রয়োজন শেষ হলেই হটস্পট বন্ধ করে দিন। এতে নিরাপত্তা ও ব্যাটারি—দুই দিক থেকেই সুবিধা হবে।
শেষ কথা
শুধু হটস্পট ব্যবহার করার কারণে ফোন হ্যাক হওয়া বা ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কা খুবই কম। তবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সংযুক্ত ডিভাইস পর্যবেক্ষণ এবং অপরিচিত ব্যক্তিকে হটস্পট না দেওয়ার মতো সাধারণ সতর্কতা মেনে চললে ঝুঁকি আরও কমানো সম্ভব। পাশাপাশি মনে রাখতে হবে, আপনার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অন্য কেউ কোনও অপরাধ করলে সেটি তদন্তের শুরুতে আপনার সংযোগের সঙ্গেও যুক্ত হতে পারে। তাই হটস্পট ব্যবহারে সচেতন থাকাই সবচেয়ে নিরাপদ।