বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেলো বাংলালিংকের প্রতিষ্ঠান

বাংলাদেশে ই-ওয়ালেট ও ডিজিটাল পেমেন্ট সেবা দেওয়ার অনুমোদন পেয়েছে মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠান এনইও পিএসপি লিমিটেড। প্রতিষ্ঠানটিকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪-এর ৫(৪) ধারার আওতায় এনইও পিএসপি লিমিটেডকে এই লাইসেন্স দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও প্রচলিত আইন-কানুন মেনে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম পরিচালনা করতে হবে।

লাইসেন্স পাওয়ার ফলে এনইও পিএসপি এখন বাংলাদেশে অনুমোদিত বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ও আর্থিক লেনদেনসংশ্লিষ্ট সেবা দিতে পারবে। গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটি ই-ওয়ালেটসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা চালু করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এনইও পিএসপি ডিজিটাল আর্থিক সেবার বাজারে নতুন একটি প্রতিযোগী হিসেবে যুক্ত হলো। এর ফলে দেশে অনুমোদিত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ই-ওয়ালেট পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০টিতে।

এর আগে বাংলাদেশ ব্যাংক আরও নয়টি প্রতিষ্ঠানকে পিএসপি বা ই-ওয়ালেট পরিচালনার অনুমোদন দিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—আইপে সিস্টেমস লিমিটেড, ডি মানি বাংলাদেশ লিমিটেড, রিকারশন ফিনটেক লিমিটেড, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড, প্রগতি সিস্টেমস লিমিটেড, এবিজি টেকনোলজিস লিমিটেড, ডিজিটাল পেমেন্টস লিমিটেড, শেবা ফিনটেক লিমিটেড এবং সমাধান সার্ভিসেস লিমিটেড।

ডিজিটাল লেনদেনের ব্যবহার দ্রুত বাড়তে থাকায় বাংলাদেশে পেমেন্ট সেবার বাজারেও প্রতিযোগিতা বাড়ছে। বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠানের নতুন এই লাইসেন্সের ফলে মোবাইলভিত্তিক ডিজিটাল পেমেন্ট ও ই-ওয়ালেট সেবার পরিসর আরও বাড়ার সুযোগ তৈরি হলো।