অ্যাপলের নতুন ‘ম্যাক স্টুডিও’ ও ‘ম্যাক মিনি’, কী আছে এগুলোতে

অত্যাধুনিক এম৫ আলট্রা ও এম৬ চিপে ‘ম্যাক স্টুডিও’ এবং ‘ম্যাক মিনি’ মডেলের কম্প্যাক্ট ডেস্কটপ কম্পিউটার উন্মোচন করেছে অ্যাপল। নতুন চিপগুলোতে প্রসেসিং ও গ্রাফিকস ক্ষমতা বাড়ানোর পাশাপাশি লোকাল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল চালানো ও ডেভেলপ করার সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

অ্যাপলের প্রথম ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপ এম৬। আর এম৬ আলট্রা প্রতিষ্ঠানটির প্রথম কোয়াড-ডাই আর্কিটেকচারের চিপ এবং অ্যাপলের দাবি অনুযায়ী, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী চিপ। এম৬ চিপটিতে রয়েছে ১২-কোরবিশিষ্ট সিপিইউ, ১২-কোর জিপিইউ এবং ডুয়াল ১৬-কোর নিউট্রাল ইঞ্জিন। আগের প্রজন্মের তুলনায় প্রসেসর ও গ্রাফিক্স বিভাগে উভয়েই দুটি করে অতিরিক্ত কোর যুক্ত হয়েছে। জিপিইউ-এর প্রতিটি কোরে প্রথমবারের মতো ‘নিউরাল অ্যাক্সেলেটর’ প্রযুক্তি থাকায় অন-ডিভাইস এআই কম্পিউটিংয়ে বড় উন্নতির দাবি করছে অ্যাপল। প্রযুক্তিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের গণনাগুলো দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। চিপটিতে সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১৭০ জিবি ইউনিফায়েড মেমোরি ব্যান্ডউইডথ এবং ৩২ জিবি পর্যন্ত ইউনিফায়েড মেমোরি সমর্থন রয়েছে। 

অন্যদিকে এম৫ আলট্রা চিপে অ্যাপল ‘আলট্রা ফিউশন’ প্রযুক্তির মাধ্যমে দুটি ডুয়াল-ডাই এম৫ ম্যাক্স-কে একত্র করে চারটি ডাইয়ের সমন্বয়ে তাদের সবথেকে শক্তিশালী চিপ তৈরি করেছে। এতে সর্বোচ্চ ৩৬-কোর সিপিইউ, ৮০-কোর জিপিইউ এবং প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইট ইউনিফায়েড মেমোরি ব্যান্ডউইডথ রয়েছে, যা এম৩ আলট্রার তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। সর্বোচ্চ ৫১২জিবি ইউনিফায়েড মেমোরি থাকায় বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) পুরোপুরি ম্যাকেই চালানো সম্ভব হবে বলে জানায় অ্যাপল। অ্যাপলের হিসাবে, এম৫ আলট্রা-তে এম৩ আলট্রার তুলনায় এআই পারফরম্যান্স সর্বোচ্চ ৪.৩ গুণ এবং গ্রাফিকস পারফরম্যান্স সর্বোচ্চ ১.৮ গুণ দ্রুত। চিপটি বিশেষভাবে থ্রি-ডি রেন্ডারিং, ভিজ্যুয়াল ইফেক্ট, ভিডিও প্রোডাকশন, বৈজ্ঞানিক কম্পিউটিং ও বড় এআই মডেল নিয়ে কাজের জন্য তৈরি।
 
‘ম্যাক মিনিতে’ কী থাকছে 

নতুন ম্যাক মিনিতে এম৬ ও এম৫ প্রো—দুই ধরনের চিপের সংস্করণই রেখেছে অ্যাপল। এম৬ চিপযুক্ত সংস্করণে রয়েছে ১২-কোর সিপিইউ, ১২-কোর GPU এবং ৩২GB পর্যন্ত ইউনিফায়েড মেমোরি। অ্যাপলের হিসাবে, আগের এম৪-চালিত ম্যাক মিনির তুলনায় এম৬ মডেলে সিপিইউ পারফরম্যান্স সর্বোচ্চ ৪০ শতাংশ এবং জিপিইউ পারফরম্যান্স সর্বোচ্চ ২ গুণ দ্রুত। 

এআই-ভিত্তিক কাজেও বড় ধরনের উন্নতির দাবি করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি বলছে, এম৪-এর তুলনায় এম৬ মডেলে এআই পারফরম্যান্স সর্বোচ্চ ৪ গুণ পর্যন্ত বাড়ছে। ফলে ছবি তৈরি, স্থানীয়ভাবে এআই মডেল চালানো, কোডিং এবং অন্যান্য মেশিন লার্নিংয়ের কাজ আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

এম৬-এর পাশাপাশি এম৫ প্রো সংস্করণে আরও বেশি সিপিইউ ও জিপিইউ কোর, সর্বোচ্চ ৬৪জিবি ইউনিফায়েড মেমোরি এবং প্রতি সেকেন্ডে ৩০০ জিবি মেমোরি ব্যান্ডউইডথ পাওয়া যাবে। উভয় মডেলেই ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬ এবং ২.৫জিবি ইথারনেট রয়েছে; প্রয়োজন সাপেক্ষে ১০জিবি ইথারনেট কনফিগারেশনও নেওয়া যাবে। এম৬ ম্যাক মিনির দাম শুরু ৮৯৯ ডলার থেকে, আর এম৫ প্রো সংস্করণের প্রারম্ভিক মূল্য ১,৬৯৯ ডলার।

প্রফেশনাল কাজে ম্যাক স্টুডিও

প্রফেশনাল কাজে ব্যবহারের জন্য নতুন ম্যাক স্টুডিও-তে এম৫ ম্যাক্স ও এম৫ আলট্রা—দুই চিপের সংস্করণ থাকছে। এম৫ ম্যাক্স সংস্করণে সর্বোচ্চ ১৮-কোর সিপিইউ, ৪০-কোর জিপিইউ এবং ১২৮জিবি ইউনিফায়েড মেমোরি পাওয়া যাবে। অন্যদিকে এম৫ আলট্রা সংস্করণে সর্বোচ্চ ৩৬-কোর সিপিইউ, ৮০-কোর জিপিইউ এবং ৫১২জিবি ইউনিফায়েড মেমোরি রয়েছে। এম৫ আলট্রার ১ দশমিক ২ টেরাবাইট পার সেকেন্ড মেমোরি ব্যান্ডউইডথ বড় ডেটাসেট ও বিশাল এআই মডেল দ্রুত প্রসেস করতে সহায়তা করবে।

ম্যাক স্টুডিও-তে প্রথমবারের মতো জিপিইউ-এর প্রতিটি কোরে নিউরাল অ্যাক্সেলেটর যুক্ত করা হয়েছে। অ্যাপলের দাবি, এম৫ ম্যাক্সে আগের এম৪ ম্যাক্সের তুলনায় এলএলএম প্রম্পট প্রসেসিং সর্বোচ্চ ৩ দশমিক ৯ গুণ এবং টেক্সট-টু-ইমেজ পারফরম্যান্স সর্বোচ্চ ৩ দশমিক ৫ গুণ দ্রুত হবে। এম৫ আলট্রাতে এম৩ আলট্রার তুলনায় পিক জিপিইউ এআই কম্পিউট সর্বোচ্চ ৪ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়বে। ফলে এলএলএম, থ্রিডি রেন্ডারিং, ভিডিও সম্পাদনা, ভিজ্যুয়াল ইফেক্টের মতো ভারী কাজ স্থানীয়ভাবে করার সুযোগ আরও বাড়বে।

এ ছাড়া ম্যাক স্টুডিও-তে থান্ডারবোল্ট ৫ ও আরডিএমএ সমর্থন থাকায় একাধিক ম্যাক স্টুডিও একসঙ্গে যুক্ত করে কম্পিউটিং ক্লাস্টার তৈরি করা যাবে। অ্যাপলের হিসাবে, চারটি ম্যাক স্টুডিওর এমন ক্লাস্টার একটি সিস্টেমের তুলনায় এআই ইন্টারফেরেন্সে সর্বোচ্চ ৩ গুণ দ্রুত হতে পারে। এম৫ ম্যাক্স ম্যাক স্টুডিওর দাম শুরু ২ হাজার ৪৯৯ ডলার থেকে এবং এম৫ আলট্রা সংস্করণের দাম শুরু ৫ হাজার ৪৯৯ ডলার থেকে।

ম্যাক স্টুডিও ও ম্যাক মিনি উভয়ের প্রি-অর্ডার ইতিমধ্যে চালু আছে এবং চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপল স্টোরে বিক্রি শুরু হবে।