আট মাস আগে আরোপ করা সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মধ্য আফ্রিকার দেশ গ্যাবন। সে সময় এ সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। শনিবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে দেশটির হাই কমিউনিকেশন অথরিটি (এইচএসি) সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেয়। মন্তব্যের জন্য দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
গত ১৭ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এইচএসি তখন বলেছিল, অনলাইন কনটেন্ট দেশে সংঘাতে ইন্ধন জোগাচ্ছে ও বিভাজন গভীর করছে। প্রায় ২৫ লাখ মানুষের দেশটিতে এ সিদ্ধান্ত ছিল বড় ধাক্কা। সেখানে ফেসবুক, টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম বিশেষ করে তরুণদের কাছে জনপ্রিয়। তাঁরা এগুলো ব্যবসা ও বিনোদন দুই কাজেই ব্যবহার করেন। নিষেধাজ্ঞার পর অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকতে ভিপিএনের আশ্রয় নেন।
প্রেসিডেন্ট ব্রিস ওলিগুই এনগুয়েমা নির্বাচিত হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে সামাজিক অস্থিরতার ঢেউয়ের মুখে পড়ার সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কম বেতন ও খারাপ কর্মপরিবেশের অভিযোগে তখন শিক্ষক ও সরকারি কর্মচারীরা ধর্মঘট করছিলেন।
বিরোধীরা বলেছিল, এ স্থগিতাদেশ ক্ষমতার অপব্যবহার। গত বছরের নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন নগুয়েমা। এর দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে তিনি বোঙ্গো পরিবারের পাঁচ দশকের বেশি শাসনের অবসান ঘটিয়েছিলেন। তেল ও কাঠসমৃদ্ধ ছোট এই দেশটির সংস্কারের অঙ্গীকার তিনি তখন করেছিলেন। আগের সরকারগুলো তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে ডিজিটাল ব্ল্যাকআউট ব্যবহার করত।
সূত্র: বিবিসি