ক্রিপ্টো হ্যাকের ৯০ শতাংশ ক্ষতি পুষিয়ে নিয়েছে বাইন্যান্স

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় খোয়া যাওয়া অর্থের ৯০ শতাংশের সমপরিমাণ টোকেন পুনরায় কিনেছে তারা। বাকি ১০ শতাংশ টোকেনের তারল্য কম হওয়ায় সেগুলো কিনতে আরও সময় লাগতে পারে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বাইন্যান্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড টেং আলাদাভাবে জানান, বাকি ১০ শতাংশ অর্থের দায়ও প্রতিষ্ঠানটি নেবে। এ ঘটনায় ব্যবহারকারীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

হ্যাকিংয়ের ঘটনার পর ব্যবহারকারীদের অর্থ উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল বাইন্যান্স। তবে রবিবার প্রতিষ্ঠানটি জানায়, কিছু ক্ষেত্রে অর্থ উত্তোলন আবার চালু হয়েছে। ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এ সুবিধা চালু করা হবে।

এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই নিশ্চিত করেছে, বাইন্যান্সে হামলার পেছনে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ রয়েছে। এর আগে বেসরকারি তদন্তকারী ও বিশ্লেষকেরাও একই সন্দেহ প্রকাশ করেছিলেন।

ধারণা করা হয়, ট্রেডারট্রেইটর উত্তর কোরিয়াসংশ্লিষ্ট লাজারাস গ্রুপের অংশ। ২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলার অভিযোগে আলোচনায় আসে এই গোষ্ঠী। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্র দ্য ইন্টারভিউ মুক্তির প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এদিকে হ্যাকিংয়ের খবর প্রকাশের পর বিটকয়েনের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। ইথেরিয়ামের দর কমে প্রায় ৬ শতাংশ এবং বাইন্যান্সের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি বিএনবির দাম কমে প্রায় ১০ শতাংশ। 

সূত্র: দ্য গার্ডিয়ান