টেসলার আলোচিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। আগামী বছর যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় গাড়িটির উৎপাদন কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তবে পুরোপুরি উৎপাদন বন্ধ করা হবে, নাকি অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মাস্ক।
তিনি জানিয়েছেন, সাইবারট্রাক উৎপাদনের জায়গায় আরও বেশি সংখ্যায় স্বচালিত গাড়ি সাইবারক্যাব তৈরির ব্যবস্থা করা হবে। এ সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে তিনি বলেছেন, কারখানায় নতুন গাড়ি তৈরির জন্য জায়গা তৈরি করা।
তবে সাইবারট্রাক প্রকল্পের প্রধান প্রকৌশলী ওয়েস মরিলের মন্তব্যে গাড়িটির উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, সাইবারট্রাক ছিল প্রযুক্তিগত উন্নয়নের একটি অসাধারণ প্ল্যাটফর্ম। এর প্রযুক্তি সাইবারক্যাবের মাধ্যমে এগিয়ে যাবে।
সাইবারট্রাকের ব্যতিক্রমী কোণাকৃতির নকশা শুরু থেকেই গাড়িপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। তবে ২০২৩ সালে বাজারে আসার আগে নানা বিলম্বের মুখে পড়ে গাড়িটি। বাজারে আসার পরও প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি।
মাস্কের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে টেসলাপ্রেমীদের মধ্যে হতাশা দেখা গেছে। একজন ব্যবহারকারী গাড়িটিকে টেসলার তৈরি সেরা যানবাহন বলে উল্লেখ করে আগামী বছর এটি উৎপাদন বন্ধ হওয়ার খবরে আক্ষেপ প্রকাশ করেন। জবাবে মাস্ক সত্য বলে মন্তব্য করেন। তবে তিনি যোগ করেন, সাইবারট্রাকের বিদ্যমান বহর দীর্ঘদিন সড়কে থাকবে। ঘোষণার পর শুক্রবার টেসলার শেয়ারের দাম ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
সাইবারট্রাক ছিল মাস্কের ব্যক্তিগত আগ্রহের একটি প্রকল্প। চলতি বছরের মার্চে তিনি গাড়িটিকে মানুষের ধারণার চেয়েও অনেক বেশি অসাধারণ বলে মন্তব্য করেছিলেন। এপ্রিলে একে এখন পর্যন্ত টেসলার তৈরি সেরা পণ্য বলেও উল্লেখ করেন।
তবে গাড়িটি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতাপূর্ণ পিকআপ ট্রাকের বাজারে জায়গা করে নিতে পারবে কি না, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। ২০১৯ সালে গাড়িটি প্রথমবার জনসমক্ষে আনার সময় এর কাচকে অবিনাশী হিসেবে দেখাতে চেয়েছিলেন মাস্ক। কিন্তু সরাসরি প্রদর্শনের সময় কাচ ভেঙে যায়। বিব্রতকর ওই ঘটনার পরও গাড়িটির প্রতি আগ্রহ কমেনি। মাস্ক তখন জানিয়েছিলেন, উন্নয়ন পর্যায়েই সাইবারট্রাকের জন্য ১ লাখ ৪৬ হাজার অর্ডার পাওয়া গেছে।
২০২৩ সালে বাজারে আসে গাড়িটি। স্টেইনলেস স্টিলের তৈরি শরীর ও কোণাকৃতির নকশা ছিল এর প্রধান বৈশিষ্ট্য। টেসলার গাড়ি বিক্রির হিসাব অনুযায়ী, কেলি ব্লু বুকের তথ্য বলছে, ২০২৫ সালে সাইবারট্রাক বিক্রি হয়েছে মাত্র ২০ হাজার ২৩৭টি। আগের বছর ২০২৪ সালে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৯৬৫টি। অথচ ২০২৩ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর বছরে আড়াই লাখ গাড়ি বিক্রির পূর্বাভাস দিয়েছিলেন মাস্ক।
সূত্র: বিবিসি