ক্লড এআই চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রপিক আসন্ন আইপিওতে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার মূল্যায়ন চাইছে। প্রতিষ্ঠানটি ৬ হাজার ৪৪০ কোটি ডলার পর্যন্ত তুলতে চায়, যা ইতিহাসের অন্যতম বৃহৎ শেয়ারবাজার অভিষেক হতে পারে। মঙ্গলবার বিনিয়োগকারীদের সঙ্গে রোডশো শুরু করেছে প্রতিষ্ঠানটি। খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহেই তারা তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে।
মঙ্গলবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া নথি অনুযায়ী, অ্যানথ্রপিক ৭০ থেকে ৭৮ ডলার দামে ৮২ কোটি ৫০ লাখ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে। সম্ভাব্য শেয়ার ধরলে এতে প্রতিষ্ঠানটির মূল্যায়ন ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত দাঁড়াবে। এর বাইরে গুগল, এনভিডিয়া, মাইক্রোসফট ও এএমডিসহ বিশ্বের কয়েকটি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের সমর্থনে আলাদা বেসরকারি প্লেসমেন্টে ২ হাজার ৬০০ কোটি ডলার সংগ্রহ করেছে তারা।
এআই কোম্পানিগুলোর ওপর বিনিয়োগকারীরা এখনও কতটা বাজি ধরতে ইচ্ছুক, তার বড় পরীক্ষা হিসেবে এই তালিকাভুক্তিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এআই প্রযুক্তি শেয়ারে ও বৃহত্তর মার্কিন বাজারে বিপুল লাভ এনে দিয়েছে।
১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের এই মূল্যায়ন আগের আনুমানিক হিসাবের চেয়ে কম। আগে ধারণা করা হয়েছিল, অ্যানথ্রপিকের মূল্য ১ দশমিক ৫ থেকে ২ ট্রিলিয়ন ডলার হতে পারে। প্রতিষ্ঠানটির বিপুল অবকাঠামো ব্যয় এবং এআই শেয়ারের দামের সাম্প্রতিক ওঠানামা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ উদ্বেগ শুধু অ্যানথ্রপিকে সীমাবদ্ধ নয়। বিনিয়োগকারীরা ক্রমেই প্রশ্ন তুলছেন, এআই কোম্পানিগুলো আকাশছোঁয়া মূল্যায়ন ন্যায্যতা দিতে এবং এই উত্থান ধরে রাখতে যথেষ্ট আয় করতে পারবে কি না।
অনিশ্চয়তা সত্ত্বেও অ্যানথ্রপিকের প্রবৃদ্ধি বিস্ফোরক। প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকে ১ হাজার ৭০০ কোটি ডলার আয়ের কথা জানিয়েছে, এক বছর আগে যা ছিল ১৪০ কোটি ডলার। একই সময়ে তাদের নিট লোকসান কমেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, বার্ষিক প্রায় ৮ হাজার ১০০ কোটি ডলার আয়ের পথে আছে তারা, যা এক মাস আগের অনুমানের চেয়ে ১ হাজার কোটি ডলার বেশি। স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা ও আইনি সেবার মতো খাতের চাহিদাসহ ক্লডের চাহিদাকে এই প্রবৃদ্ধির কৃতিত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
তবে এ চাহিদা মেটাতে অ্যামাজন ও গুগলসহ অংশীদারদের সঙ্গে কম্পিউটিং ব্যয়ে প্রায় ৯০ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে অ্যানথ্রপিক। এটি পণ্যটির ভবিষ্যৎ চাহিদার ওপর বিশাল আর্থিক বাজি।
গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর অনিশ্চিত রাজনৈতিক পরিবেশেই আসছে এই আইপিও। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নতুন হাউস ও সিনেটে এআই কোম্পানিগুলোর ওপর আরও নিয়ন্ত্রণ এবং এই প্রযুক্তির জন্য ডেটা সেন্টার নির্মাণে নতুন বিধিনিষেধের সম্ভাবনা উঠে এসেছে।
সূত্র: রয়টার্স