দুই মাসে ১০ কোটি গ্রাহক পেলো স্পটলাইট

টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে দু’মাস আগে স্পটলাইট ফিচার চালু করেছিল স্ন্যাপচ্যাট। ইতোমধ্যে ফিচারটির গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। স্ন্যাপচ্যাটের ২০২০ সালের শেষ প্রান্তিকের পরিসংখ্যান প্রকাশ করার পর এ তথ্য জানা যায়।

স্ন্যাপচ্যাট সিইও ইভান স্পাইজেল জানান, ফিচারটিতে প্রতিদিন গড়ে এক লাখ ৭৫ হাজার ভিডিও আপলোড হয়। সেরা ভিডিও নির্মাতাদের মাঝে আমরা দৈনিক প্রচুর অর্থ বিতরণ করে থাকি। ফলে, গ্রাহকরা অতিমাত্রায় ফিচারটির দিকে আকৃষ্ট হচ্ছে।

গত মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অল্পবয়সীরা ভিডিও নির্মাণ করে স্পটলাইট থেকে লাখ লাখ টাকা উপার্জন করতে পারছে।

স্ন্যাপচ্যাটের এমন সাফল্যে প্রতিদ্বন্দ্বী অ্যাপগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। সম্প্রতি, সেরা নির্মাতাদের জন্য ‘২০০ মিলিয়ন ডলার তহবিল’ ঘোষণা করেছে টিকটক।

এদিকে, গ্রাহকদের উপার্জনের ব্যবস্থা করতে প্রস্তুতি নিতে শুরু করেছে ইনস্টাগ্রাম।

স্পটলাইটের পাশাপাশি স্ন্যাপচ্যাটের নিজস্ব অ্যাপেও গ্রাহকের সংখ্যা দিন দিন বাড়ছে। নতুন দেড় কোটি গ্রাহক যুক্ত হওয়ায় অ্যাপটির বিশ্বব্যাপী  গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ৫০ লাখ। ফলে, শেষ প্রান্তিকে গত বছরের তুলনায় অ্যাপটির রাজস্ব প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: এনগ্যাজেট