বঙ্গবন্ধু হাইটেক পার্কে ইলেক্ট্রনিক পণ্য তৈরি করবে র‌্যাংগস

বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক-সিলেটে ইলেকট্রনিক পণ্য উৎপাদন করবে র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড।  এ জন্য র‌্যাংগসকে ৩২ একর জমি বরাদ্দ দিয়েছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ।  র‌্যাংগস কর্তৃপক্ষ এই পার্কে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এজন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং র‌্যাংগসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসেন এই চুক্তিতে সই করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক-সিলেটে এ পর্যন্ত ২০টি প্রতিষ্ঠান মোট ৭৪ দশমিক ০৬ একর ভূমি ও ১৬ হাজার ৫০০ বর্গফুট স্পেস বরাদ্দ নিয়েছে।  প্রতিষ্ঠানগুলো শিগগিরই সেখানে কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে।  কোম্পানিগুলোর লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা আশা করছি, সেখানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।  সিলেটের এই পার্ক থেকে ভারতের সেভেন সিস্টারসের বাজারে প্রবেশের ব্যাপক সম্ভাবনা থাকায় দেশি-বিদেশি আরেও অনেক কোম্পানি এই পার্কে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।  এ কারণে আমরা পার্কের পার্শ্ববর্তী এলাকায় আরও ৬৪০ একর ভূমি অধিগ্রহণ করার উদ্যোগ নিচ্ছি।  এর মধ্যে ৮৫ একরের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি জানান, র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড এই পার্কে আগামী তিন বছরের মধ্যে রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং মোলডিংয়ের জন্য পৃথক পাঁচটি ফ্যাক্টরি স্থাপন করবে।  এর ফলে শুধু র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, সিলেট হবে একটি ব্যতিক্রমী হাইটেক পার্ক।  এই পার্কের মধ্যেই ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখান থেকে যে দক্ষ জনবল তৈরি হবে, তারাই আবার এই পার্কে কাজ করার সুযোগ পাবে।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, ‘সরকারেরর নিজস্ব অর্থায়নে ৩৩৬ কোটি ৪২ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক- সিলেট প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।’