মুজিববর্ষ উপলক্ষে দুই হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে সিড মানি দেবে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আইডিয়া প্রকল্প থেকে জামানত ছাড়াই অফেরতযোগ্য এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘নারী উদ্যোক্তাদের স্বনির্ভর করতে মুজিববর্ষ উপলক্ষে উইমেন অ্যান্ড ই-কমার্স (উই), ই -ক্যাবসহ নারী উদ্যোক্তাদের এই সহায়তা করা হবে।’
সোমবার (১৫ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আইসিটি বিভাগের অধীন এসপায়ার টু ইনোভেশনের (এটুআই) উদ্যোগে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত ‘ওমেন ইন ডিজিটাল:এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ’ শীর্ষক আলোচনা সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পলক বলেন, ‘ডিজিটাল স্পেসে নারীর অংশগ্রহণ বাড়াতে হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ তিনি সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা ও প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ হতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে বলেন, ‘‘হাই-টেক পার্কগুলোতে শতকরা ৩০ ভাগ স্পেস নারী উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হবে। আইসিটি বিভাগ ‘শি-পাওয়ার প্রকল্পের’ মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করছে। এ পর্যন্ত ১০ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরমধ্যে এক হাজার ৪২৭ জন নারী উদ্যোক্তা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। লার্নিং ও আর্নিং প্রকল্পের মাধ্যমে ৩৮ হাজার জনকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে মোট ৫৩ হাজার মানুষকে প্রশিক্ষিত করা হবে। এছাড়া তরুণ উদ্যোক্তাদেরকে আইসিটি বিভাগের ‘আইডিয়া প্রকল্প’ হতে ১০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার সুযোগ রয়েছে।’’ দেশের নারী উদ্যোক্তারা সরকারের এই সুযোগগুলো গ্রহণে এগিয়ে আসবেন বলে তিনি আশা করেন।
তথ্য ও যোগাযোগ বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন— বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনাজির আহমেদ, এটুআই প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান, ইউএন উইমেন-এর বাংলাদেশ প্রতিনিধি শোকো ইশিকাওয়া, এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, বেসিসি’র সিনিয়র সহ-সভাপতি ফারহানা এ রহমান, এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির প্রমুখ।