গ্রামে ই-কমার্স পৌঁছাতে ডাক বিভাগের সঙ্গে ই-ক্যাবের চুক্তি

ডাক বিভাগ ও ই-ক্যাবের মধ্যে চুক্তির মাধ্যমে ডিজিটাল-কমার্স বুথ নামে নতুন সেবা চালু হলো বাংলাদেশ ডাক বিভাগে। মঙ্গলবার (১৬ মার্চ) ঢাকা জিপিওতে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশের ই-কমার্স খাতে যুক্ত হলো নতুন অধ্যায়। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

ই-ক্যাবের (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পক্ষ থেকে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দীন শিপন ও বাংলাদেশ ডাক বিভাগের পক্ষে পরিচালক ডাক এসএম হারুনুর রশিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

দেশজুড়ে ডাক বিভাগের বিদ্যমান অবকাঠামো ব্যবহারের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ই-বাণিজ্য সেবা পৌঁছে দিতে এই ‘ডিজিটাল কমার্স বুথ’ কর্নার চালু করতে যাচ্ছে সরকার। এই সেবা স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ডিজিটাল পণ্যের দ্রুত বিলি সুবিধা ছাড়াও বিলির সেবা পরবর্তী ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস), ওয়্যারহাউস এবং গ্রাহক তথ্য সেবা পাওয়া যাবে।

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘ডাক বিভাগের সক্ষমতাকে কাজে লাগিয়ে ই-কমার্সের বর্তমান অগ্রগতিকে আরও বেগবান করা সম্ভব। কারণ, ডাক বিভাগের যে জনবল ও নেটওয়ার্ক রয়েছে, সেটা অন্য কারও নেই। করোনাকালীন সময়ে ডাক বিভাগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে যেভাবে সেবা দিয়েছে, তা মনে রাখার মতো।’

ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডিজিটাল ব্যবসায়ের পরিসীমা বৃদ্ধি এবং ডিজিটাল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ডাক বিভাগ চুক্তির আওতায় ই-ক্যাবের পরিচালনায় ডিজিটাল কমার্স কর্নার থেকে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ডিজিটাল সেবা নিশ্চিত করবে।’

ই-ক্যাবের সহ-সভাপতি সাহাব উদ্দীন শিপন বলেন, ‘ইতোমধ্যেই ঢাকা থেকে ৭৫০টি পোস্ট অফিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য বিলি ও এর মূল্য পরিশোধের পাইলট প্রকল্প সফল হওয়ার পর আগের চুক্তিটিই আরও বড় পরিসরে সম্পন্ন হলো। এবার পুরো সেবাটি অ্যাপের অধীনে আনতে ইতোমধ্যেই ই-ক্যাব একটি সফটওয়্যার তৈরি করে সেটি পোস্ট অফিসের সফটওয়্যারের সঙ্গে ইন্টিগ্রেট করে দিয়েছে, যা ডিজিটাল কমার্স ব্যবসায়ী এবং গ্রাহকের মধ্যে সেতুবন্ধন রচনা করতে সক্ষম হবে।’