বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ অলিম্পিয়াডের মূল পর্বে দেশের দুটো টিম ঢাকা থেকে অনলাইনে অংশ নিচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করেছিল।
অক্টোবর মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের পারফরমেন্স এবং মেধার ওপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়। কানাডা থেকে অনলাইনের মাধ্যমে অলিম্পিয়াডটি জাজমেন্ট এবং মনিটরিং করা হচ্ছে।
এ বছর অলিম্পিয়াডের ওপেন ক্যাটেগরি ও ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটেগরিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে অনলাইনের মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের রোবট প্রদর্শন করে ওপেন ক্যাটেগরিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ইকো এগ্রোমেট রোবট নিয়ে অংশ নিলো টিম পাওয়ারিয়াম। এ টিমের সদস্য ছিলেন ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ,সরকারি বিজ্ঞান কলেজের তানজিম জামান খান এবং নটরডেম কলেজের মো. আশরাফুজ্জামান ফুয়াদ। অন্যদিকে ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটেগরিতে অংশ নেয় টিম প্রডিজি। এ টিমের সদস্য ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাজ্জাদ ইসলাম ও নটরডেম কলেজের তৌসিফ সামিন।
উল্লেখ্য, এ বছর বিশ্বের ৬০টি দেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে (ডাব্লিউআরও) অংশ নিচ্ছে।