সরকারের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম ত্বরান্বিত করা ও আর্থিক অন্তর্ভুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে এটুআই চালু করেছে ‘সাথী’ নামের একটি নেটওয়ার্ক।
সোমবার (১৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত নারী উদ্যোক্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং সিভিএফ প্রেসিডেন্সির বিশেষ দূত মো. আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এই নেটওয়ার্ক উদ্বোধন করেন।
নারী উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার স্নিগ্ধা আলী। অনুষ্ঠানের সভাপতি ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ।
বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় এটুআই প্রাথমিক পর্যায়ে ডিজিটাল সেন্টারের ১০০ জন নারী উদ্যোক্তা নিয়ে এই নেটওয়ার্কের যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে এ নেটওয়ার্কের আওতায় দেশের সব ইউনিয়নে একজন করে নারী উদ্যোক্তা তৈরি করা হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আর্থিক অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি পৌঁছে দিতে তথা প্রান্তিক জনগণের জন্য আর্থিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ডিজিটাল সেন্টারের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট-এটুআই এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের এই নেটওয়ার্ক বেশকিছু কার্যক্রম গ্রহণ করবে। যেমন- নারী উদ্যোক্তাদের নেতৃত্বে দেশব্যাপী নারীবান্ধব আর্থিক এক্সেস পয়েন্ট তৈরি করা, উদ্যোক্তাদের মাধ্যমে প্রান্তিক নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো, ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তাদের অধিকতর সক্রিয় করা এবং প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি করা।