দূরত্বের পার্থক্য যখন এক মিটার

আগামী মাসে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এবং স্ন্যাপড্রাগন ৮৮৮ মোবাইল প্ল্যাটফর্মগুলোতে লোকেশন ডাটা এতটাই সুক্ষ্ম করা হবে যে, এক মিটার দূরত্বের পার্থক্যও নির্ণয় করা যাবে। এই কাজের জন্য কোয়ালকম অনেক দিন ধরেই ট্রিম্বলের আরটিএক্স জিএনএসএস কারেকশন সার্ভিসেস প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে আসছে।

এমনটাই দাবি করেছে ট্রিম্বল বলে জানায় এনগেজেট। আর কোয়ালকম এটি অ্যান্ড্রয়েডের ওপর প্রয়োগ করে লোকেশন ডাটার মানকে উন্নত করবে। যা বর্তমান ক্ষমতার তুলনায় ৫ গুণ বেশি। এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এই প্রযুক্তিটি উন্মুক্ত হবে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এটি মূলত গাড়ির পথ নির্দেশনায় ব্যবহার করা হবে।

ট্রিম্বল জানায়, এছাড়া এটি রাইড শেয়ারিং ড্রাইভারদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে আরও ভালোভাবে কাজ করবে।

তবে বর্তমানের ফোনগুলো এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয়। আর এমন সুক্ষ্মভাবে লোকেশন নির্ণয়ের বিষয়টি প্রাইভেসির জন্য হুমকি হয় কিনা, সেটাও ভেবে দেখার বিষয় বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি। তবে আশার কথা হলো, ব্যবহারকারী চাইলে তার লোকেশন ট্র্যাকিং সুইচ অব করে রাখতে পারবে, অথবা কোনও নির্দিষ্ট অ্যাপের ক্ষেত্রে তার লোকেশন ইতিহাস মুছেও দিতে পারবে।