ইথিক্যাল হ্যাকারদের নিয়ে আয়োজন করা হলো বাগ হান্ট

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইডিয়া প্রকল্প এবং বাগ বাউন্টির সৌজন্যে অনুষ্ঠিত হলো হ্যাকারওয়ান বাগ হান্ট ২০২৩। ‘প্রত্যেকেরই একজন হ্যাকার প্রয়োজন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত হলো বাগ হান্ট প্রতিযোগিতা। ইথিকাল হ্যাকারদের অংশগ্রহণে দিনব্যাপী চলে এই প্রতিযোগিতা। এই আয়োজনে প্রাথমিকভাবে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫০ জনের বেশি ইথিকাল হ্যাকার অনলাইনে অংশ নেন। পরবর্তী সময়ে নির্বাচিত সেরা ৫০ জনকে নিয়ে আয়োজন করা হয় চূড়ান্ত পর্ব।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় মেধাবী ইথিকাল হ্যাকারদের নিয়ে লাইভ হ্যাকিং সেশন। সেখানে অংশগ্রহণকারীরা সরাসরি ওয়েব প্ল্যাটফর্মের নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে বের করেন। অনুষ্ঠানের শেষ ধাপে কনফারেন্স সেশন আয়োজনসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

‘হ্যাকার ওয়ান বাগ হান্ট ২০২৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম’র প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, আইডিয়া প্রকল্পের সিনিয়র পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী প্রমুখ।

বাগ হান্ট ২০২৩ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ২৫ হাজার টাকা জিতে নেয় নাইটমেয়ারস। প্রথম রানারআপ হিসেবে ১৫ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন অসরাফি। কনটেস্টে দ্বিতীয় রানারআপ হয়ে ‘টবি’ জিতে নিয়েছেন ১০ হাজার টাকা পুরস্কার। এছাড়া সেরা বাগ ফাইন্ডারকে দেওয়া হয় আরও  একলাখ ৯ হাজার টাকার বাগ বাউন্টি পুরস্কার। -বিজ্ঞপ্তি