জাতিসংঘের ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস)’ পুরস্কার পেয়েছে এটুআই’র কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার। করোনার সময় মানুষের হাতের মুঠোয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় এই প্রকল্প এ বছর ‘আইসিটি অ্যাপ্লিকেশন: বেনিফিটস ইন অল অ্যাসপেক্টস অব লাইফ’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার (১৫ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আইসিটি সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দফতরে এই পুরস্কার দেওয়া হয়েছে। এটুআই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও ই-গভর্নেন্সের চিফ স্ট্র্যাটেজিস্ট মো. ফরহাদ জাহিদ শেখ এ পুরস্কার গ্রহণ করেন। ডাব্লিউএসআইএস পুরস্কার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্যোগ ও বাস্তবায়নের বড় ধরনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
এই টেলিহেলথ সার্ভিসের আওতায় ৯৫ শতাংশ রোগীকে বাড়িতে চিকিৎসা সেবা দেওয়া হয়। বাকি ৫ শতাংশকে হাসপাতালে রেফার করা হয়। ২০২০ সালের ১৩ জুন চালু হওয়া এই কল সেন্টার ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ৭ লাখ ৪ হাজার ৮৯০ জন রোগীকে টেলিহেলথ পরিষেবা দিয়েছে।