দক্ষিণ এশিয়ায় স্মার্ট ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে চায় হুয়াওয়ে

দক্ষিণ এশিয়ায় ৫০ হাজার তরুণের আইসিটি প্রতিভা বিকাশে কাজ করবে হুয়াওয়ে। আগামী পাঁচ বছরে আইসিটি অ্যাকাডেমি সংযোজন, বিভিন্ন আইসিটি ও স্টার্টআপ প্রতিযোগিতা, বিশেষ অনলাইন কোর্স, নতুন কর্মচারী নিয়োগ— এমন সব পদক্ষেপ এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবে।

সোমবার (৩ এপ্রিল) হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার প্রধান দফতর ঢাকায় ‘বিল্ডিং আ স্মার্ট ট্যালেন্ট ইকোসিস্টেম, ইন সাউথ এশিয়া ফর সাউথ এশিয়া’ শিরোনামের একটি অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

হুয়াওয়ের সাউথ এশিয়া পাবলিক রিলেশন্স বিভাগের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউয়িং কার্ল অনুষ্ঠানে এই পরিকল্পনা তুলে ধরেন।

হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কর্মকর্তারা এবং সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

সম্প্রতি নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং বাংলাদেশকে নিয়ে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত দক্ষিণ এশিয়া উপ-অঞ্চল গঠন করেছে। দক্ষিণ এশিয়ার জন্য এই অনুপ্রেরণায় সব গ্রাহক, সহযোগী, ইকসিস্টেম এবং সর্বোপরি এই পাঁচটি দেশের জন্য আরও বেশি কাছ থেকে সেবা দেওয়ার জন্য এই উপঅঞ্চলটি তৈরি করা হয়েছে।

ইউয়িং বলেন, ‘তিনটি বিষয় হুয়াওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক প্রযুক্তি ও অবকাঠামো সরবরাহ, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং আইসিটি প্রতিভা বিকাশে সহায়তা করা। হুয়াওয়ে একটি শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে গবেষণা ও উন্নয়নে উল্লেখযোগ্য হারে বিনিয়োগ করছে। এই বিনিয়োগ আমাদের ইকোসিস্টেম সহযোগীদের অত্যাধুনিক প্রযুক্তি প্রদান করতে এবং একসঙ্গে প্রবৃদ্ধি অর্জন করতে সহায়তা করে।’

তিনি আরও বলেন, ‘২০২২ সালের শেষ নাগাদ আমরা সারা বিশ্বে ২ হাজার ২০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বে হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছি। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রতি বছর গড়ে দুই লাখেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে থাকি।’